২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণে বিধ্বস্ত ভার্চুয়াল ডেনমার্ক

সাইবার আক্রমণের শিকার হয়েছে মাইনক্রাফট: ডেনমার্ক। গেইমটিতে ডিনামাইট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকলেও গেইমটি হ্যাক করে ভার্চুয়াল ডেনমার্কের একটা অংশ উড়িয়ে দিয়েছে হ্যাকাররা। আর গেইমের শুরুতেই উড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 05:05 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মনোযোগ আকর্ষণের উদ্দেশে হ্যাকাররা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে ড্যানিশ জিওডেটা এজেন্সি (ডিজিএ)। আর ভার্চুয়াল ডেনমার্কের ওই ক্ষতিগ্রস্ত এলাকা গেইমাররাই মেরামত করেছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

মাইনক্রাফট ডেনমার্কের ওই পরিবর্তনগুলো সাধারণ ব্যবহারকারীদের চোখে পড়ে মাইনক্রাফটফোরাম ডটকমে পোস্ট করা কয়েকটি ছবি থেকে। ওই ফোরামটির এক সদস্য ছবিগুলোর পাশাপাশি “I americanlized [sic] the place a bit” বক্তব্য পোস্ট করেন।

মাইনক্রফট গেইমের মূল ভার্সনে ভার্চুয়াল ডিনামাইট ব্যবহারের সুযোগ থাকলেও মাইনক্রাফট: ডেনমার্কে নিষিদ্ধ ছিল এর ব্যবহার। কিন্তু গেইমের মাইনিং কার্টে লুকিয়ে ডিনামাইট বহন করা যে সম্ভব তা উপলব্ধি করতে বেশি সময় লাগেনি গেইমারদের।

ডিজিএ চিফ প্রেস অফিসার ক্রিস হামেকেনর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভার্চুয়াল ডিনামাইট দিয়ে হ্যাকারদের উড়িয়ে দেওয়া অংশগুলো পরদিন সকালেই মেরামত করেছেন অন্য গেইমাররা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে সবুজ ঘাস আর পিস সাইন লাগিয়ে দেন তারা।

মাইনক্রাফট: ডেনমার্ক তৈরির পেছনে গেইমটির নির্মাতা এবং ডিজিএর মূল উদ্দেশ্য ছিল ডেনমার্ক সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুযোগ করে দেওয়া। গেইমটির মাধ্যমে ভার্চুয়াল ফিল্ড ট্রিপেও যেতে পারেন শিক্ষার্থীরা।