সোনায় মোড়ানো এইচটিসি ওয়ানএমএইট
অ্যাপল আইফোন ৫এস বাজারে ছাড়ার পর হঠাৎ করেই যেন চাহিদা বেড়ে গিয়েছে সোনালি রংয়ের স্মার্টফোনের। অ্যাপলের পথ অনুসরণ করে সোনালি ‘এইচটিসি ওয়ান এম৮’ স্মার্টফোন বিক্রি করছে তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা এইচটিসিও।
আর যাদের কেবল সোনালি রংয়ে মন ভরবে না তাদের জন্য যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডজিনি নিয়ে এসেছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো এইচটিসি ওয়ান এম৮।
স্মার্টফোনবিষয়ক সাইট জিএসএমএরিনার প্রতিবেদন অনুযায়ী, গোল্ডিজিনির ২৪ ক্যারটের এম৮ স্মার্টফোনগুলোর দাম এক হাজার নয়শ’ পাউন্ড। আর প্রচলিত রংয়ের স্বর্ণ মোড়ানো এম৮ পছন্দ না হলেও সমস্যা নেই। ‘রোজ গোল্ড’ রংয়ের স্বর্ণ মোড়ানো এম৮-ও বিক্রি করছে গোল্ডজিনি, দাম পড়বে এক হাজার নয়শ’ ৯৭ পাউন্ড। আর দুই হাজার ৯৭ পাউন্ডে পাওয়া যাবে স্মার্টফোনটির প্লাটিনাম সংস্করণও।
শুধু এম৮-ই নয়। আইফোন ৫এস, ব্ল্যাকবেরি, আইপ্যাড থেকে শুরু করে স্বর্ণ মোড়ানো ওয়ালথার পিপিকে হ্যান্ডগানও বিক্রি করে থাকে গোল্ডজিনি। তবে গোল্ডজিনির যে কোনো পণ্য কিনতে হলে ব্যাংক ব্যালেন্সটাও যে বেশ ভারি হওয়া চাই, তা আর বলার অপেক্ষা রাখে না।
