স্যামসাং নয়, গুগলকে ধরো: অ্যাপলকে কোর্ট
দুই মোবাইল জায়ান্ট অ্যাপল আর স্যামসাংয়ের সাম্প্রতিক মামলার জুরি বোর্ড অ্যাপলকে সরাসরি ওয়েব জায়ান্ট গুগলের সঙ্গে আইনি লড়াইয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
এ ছাড়াও জুরিদের সম্মিলিত সিদ্ধান্তে অ্যাপল দাবিকৃত ২২০ কোটি ডলার ক্ষতিপূরণের বদলে ১১ কোটি ৯৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাবে স্যামসাংয়ের কাছ থেকে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুক্রবার অ্যাপল বনাম স্যামসাংয়ের সাম্প্রতিক মামলা শেষ হবার কথা থাকলেও, ‘নথিগত ভুল’ থাকায় মামলাটি আনুষ্ঠানিকভাবে সোমবারে শেষ হয়েছে।
এ প্রসঙ্গে সোমবার অ্যাপল বনাম স্যামসাং মামলায় আট সদস্যের জুরিদলের প্রতিনিধি টমাস ডানহ্যাম গণমাধ্যমকে জানিয়েছেন, অ্যাপলের উচিত স্যামসাংয়ের বদলে সরাসরি গুগলের সঙ্গে আইনি লড়াইয়ে যাওয়া। তিনি আরও জানিয়েছেন, অ্যাপলের দাবিকৃত বিশাল অংকের ক্ষতিপূরণও তাদের কাছে সঠিক মনে হয়নি।
সম্প্রতি শেষ হওয়া ওই মামলায় দুই পক্ষেরই আপিলের সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।
