স্পাই প্লেনে এয়ার ট্রাফিক বিশৃঙ্খলা
যুক্তরাষ্ট্রের পশ্চিম অঙ্গরাজ্যেগুলোতে ৩০ এপ্রিল সৃষ্ট এয়ার-ট্রাফিকের জন্য দায়ী মূলত এক গোয়েন্দা বিমান-- জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৩০ এপ্রিল ওই এলাকায় গোয়েন্দা বিমান থাকার বিষয়টি পেন্টাগনও নিশ্চিত করেছে।
মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা বিমান ইউ-২’র সফটওয়্যার ভুল তথ্য দেওয়ায় ওই সমস্যা তৈরি হয়। বিমানটির সফটওয়্যারে ধরে নিয়েছিল, গোয়েন্দা বিমানটি ভুল পথে চলছে। অন্য বিমানের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য বিমানের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে কোর্স বদলাতে গেলে সিস্টেম ওভারলোড হয়ে সমস্যা শুরু হয়। সিস্টেম রিবুট হওয়ার সময়টিতে দুর্ঘটনা এড়াতে আশপাশের অঙ্গরাজ্যগুলোয় ডজনখানেক ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে এফএএ-এর মুখপাত্র লিন লানসফোর্ড জানিয়েছেন, শুরু হবার ঘন্টাখানেকের মধ্যেই এফএএ সমস্যাটির সমাধান করেছে। এ ঘটনার পর কম্পিউটার সিস্টেমের ফ্লাইট-প্রসেসিং মেমোরিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
