২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিবাবা যাচ্ছে ওয়াল স্ট্রিটে

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নিবন্ধন করছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা ডটকম। বাজার বিশ্লেষকদের হিসেব অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি ডলার, যার মূল্য শীর্ষ মার্কিন সাইট অ্যামাজন, ইবে এবং ফেইসবুকের চেয়েও বেশি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 05:42 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

যুক্তরাষ্ট্রে শেয়ার বিক্রির জন্য আলিবাবা নিবন্ধনের আবেদন করেছে মঙ্গলবার। এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক শেয়ার বিক্রির ঘটনা হতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই চীনের বাজারে বেশ সরব আলিবাবা ডটকম। একের পর এক স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কিনে নিচ্ছিল ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানটি। আর এখন যুক্তরাষ্ট্রের বাজারের নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে আলিবাবা। শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো পশ্চিমা বাজারেই নিজেদের ব্যবসা প্রসারণ করতে চাইছে প্রতিষ্ঠানটি।

১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা করেন ইংরেজির সাবেক শিক্ষক জ্যাক মা। শুরুতে চীনের সরবরাহকারীদের সঙ্গে পশ্চিমা ক্রেতাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত প্রতিষ্ঠানটি। আর এখন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে আছে তিনটি ভার্চুয়াল মার্কেটপ্লেস। আইরিসার্চের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, চীনে ২৯ হাজার ছয়শ’ ডলারের বাজারে ৮০ শতাংশ ইন্টানেট শপিংই করা হয় ওই তিনটি হাব থেকে।

মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে বিল গেটস আর অ্যাপলের সঙ্গে স্টিভ জবসের নাম যেমন জড়িত ঠিক তেমনি চীনের শীর্ষ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা, বাইডু আর টেকসেন্ট মানেই যেন জ্যাক মা। আলিবাবার আগে চীনের প্রথম ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ‘চায়না ইয়ালোপেইজ’ প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

মা আলিবাবার শুরুটা করেছিলেন ৮০ জন ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার ডলার ধার নিয়ে। আলিবাবার সাফল্যে চীনে অনেকের কাছেই তিনি এক জীবন্ত কিংবদন্তি। মাকে নিয়ে লেখা হয়েছে বেস্টসেলিং জীবনী এবং তৈরি হয়েছে মোটিভেশনাল ভিডিও। এখন পর্যন্ত আলিবাবার শীর্ষ একক শেয়ার হোল্ডার তিনি। প্রতিষ্ঠানটির ৮.৯ শতাংশ শেয়ার আছে মা-র অধীনে, যা বাজার মূল্য এক হাজার সাতশ’ ৮০ কোটি ডলার। আলিবাবার দ্বিতীয় শীর্ষ একক শেয়ার হোল্ডার জোফেস টাইয়ের মালিকানায় আছে সাতশ’ ২০ কোটি ডলার বাজার মূল্যের ৩.৬ শতাংশ শেয়ার।

আলিবাবার ২৪ শতাংশ শেয়ারের মালিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। বাজার বিশ্লেষক প্রিভকোর হিসেব অনুযায়ী ইয়াহুর মালিকানায় থাকা শেয়ারের বাজার মূল্য চার হাজার দুশ’ কোটি ডলার, যা কিনা খোদ ইয়াহুর বাজার মূল্যের থেকেও বেশি।

প্রিভকো বিশ্লেষক ম্যাট টার্লিপের বলেন, “সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় টেক আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) হতে যাচ্ছে এটি।”

আলিবাবার আইপিও ফেইসবুককেও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইয়াহুর পর আলিবাবায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে জাপানের টেলিকম জায়ান্ট সফটব্যাংক। প্রতিষ্ঠানটির মালিকানায় আছে আলিবাবার ৩৪.৪ শতাংশ শেয়ার।

মঙ্গলবারের নিবন্ধন অনুযায়ী, ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে আলিবাবার মালিকানাধীন তিন অনলাইন মার্কেটপ্লেস টাওবাও, টিমল এবং জুহুয়াসুয়ানে ২৩.১ কোটি নিয়মিত ক্রেতা এবং ৮০ লাখ নিয়মিত বিক্রেতা ছিল। ওই বছরে তিন মার্কেটপ্লেসে লেনদেন হয়েছে ২৪ হাজার ৮০০ কোটি ডলার।

আলিবাবা আইপিও থেকে ১০০ কোটি ডলার সংগ্রহ করতে চাইছে এমনটাই বলা হয়েছে নিবন্ধনে। তবে ডলারের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে। ২০১২ সালের মে মাসে আইপিও থেকে এক হাজার ছয়শ’ কোটি ডলার সংগ্রহ করেছিল ফেইসবুক।