২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের সর্বোচ্চ শেয়ারহোল্ডার নন গেটস!

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ শেয়ারহোল্ডারের তকমা হারালেন সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। দুদিনের মধ্যে ৮০ লাখ শেয়ার বিক্রি করেছেন গেটস, ফলে তার সর্বমোট শেয়ারের সংখ্যা নেমে এসেছে ৩৩ কোটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 05:20 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

মাইক্রোসফটে বর্তমানে সর্বোচ্চ শেয়ারহোল্ডার স্টিভ বলমারের শেয়ার সংখ্যা ৩৩ কোটি ৩০ লাখ। বিল গেটসের হাত ধরেই প্রতিষ্ঠানটির শুরুর দিকে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন বলমার।

মাইক্রোসফট থেকে নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছেন গেটস-- প্রযুক্তিবাজারে এমনটা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। সেই গুজবের সত্যতাই যেন ইঙ্গিত করছে গেটসের সাম্প্রতিক শেয়ার বিক্রির ঘটনা।

ছোটবেলার বন্ধু ও প্রোগ্রামার পল অ্যালেনের সঙ্গে বিল গেটস ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। এক সময় মাইক্রোসফটের সিহংভাগ শেয়ার ছিল বিল গেটসের মালিকানায়।

মাইক্রোসফটের সিইও পদ থেকে সড়ে দাঁড়ানোর পর থেকেই নিজের মালিকানায় থাকা শেয়ারগুলো নিয়মিত বিক্রি করে চলেছেন বিল গেটস। এই হারে চলতে থাকলে ২০১৮ সাল নাগাদ গেটস তার মালিকানায় থাকা মাইক্রোসফটের সব শেয়ার বিক্রি করে ফেলবেন বলে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গেটস প্রযুক্তিজগতের সরাসরি সক্রিয় নন দীর্ঘদিন ধরেই, মনোযোগ দিয়েছেন দাতব্য কর্মকাণ্ডে। মূল কারণ যাই হোক না কেন, “গেটস ক্রমাগত মাইক্রোসফট থেকে দূরে সরে যাচ্ছেন এটা পরিষ্কার”-- মন্তব্য প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের।

বর্তমানে নিজস্ব দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন বিল গেটস।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি ক্ষুধা ও দারিদ্র বিমোচনে এখন পর্যন্ত মোট দুই হাজার ৮৩০ কোটি ডলার খরচ করেছে বলে জানিয়েছে সিএনএন।