২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে চীনে এক্সবক্স ওয়ান

অবশেষে চীনের বাজারে অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের। বিদেশি কোনো প্রতিষ্ঠানের তৈরি গেইমিং কনসোল বিক্রির উপর চীন সরকারের নিষেধাজ্ঞা ছিল দীর্ঘ ১৪ বছর। জানুয়ারি মাসে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর চীনের বাজারে নিজেদের গেইমিং কনসোল বিক্রির ঘোষণা দেওয়া প্রথম পশ্চিমা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 06:49 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

সেপ্টেম্বর মাস থেকেই চীনের বাজারে এক্সবক্স ওয়ান বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেছে মাইক্রোসফট। তবে চীনের বাজারে এক্সবক্স ওয়ানের দাম কতো হবে তা এখনও নিশ্চিত করেনি সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি ।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাংহাই মিডিয়া গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বেসটিভি নিউ মিডিয়া কোম্পানির সঙ্গে জুটি বেঁধে এক্সবক্স ওয়ান বাজারজাত করবে মাইক্রোসফট। পিসি এবং অনলাইন গেইমের আধিপত্য থাকলেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর চীনের গেইমিং বাজারকে এখন ‘উর্বর ব্যবসাক্ষেত্র’ বলে বিবেচনা করছে গেইমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

তরুণদের মানসকিতার উপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ তুলে চীন সরকার দেশটির বাজারে গেইমিং কনসোল নিষিদ্ধ করেছিল ২০০০ সালে। মাঝে ২০০৪ সালে ব্যতিক্রম হিসেবে চীনের বাজারে প্রবেশের সুযোগ পেয়েছিল প্লেস্টেশন ২।

নিষেধাজ্ঞা আরোপের ১৪ বছর পর ২০১৪ সালে এসে অবশেষে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে চীন। সাংহাইয়ের ফ্রি-ট্রেড জোনে বিদেশি প্রতিষ্ঠানের নির্মিত গেইমিং কনসোলগুলো সংস্কৃতি বিভাগ থেকে সবুজ সংকেত পেলে চীনের বাজারে বিক্রির সুযোগ দেওয়া হবে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।