২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার অপরাধ রুখতে নতুন আইন হচ্ছে

সাইবার অপরাধ রুখতে সরকার নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দৈনিক ভোরের কাগজ ও সিটিও ফোরামের যৌথ উদ্যোগে রোববার আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 04:35 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

সন্ধ্যায় ভোরের কাগজ অফিসের কনফারেন্স রুমে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ‘সাইবার সিকিউরিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটিও ফোরামের সভাপতি তপনকান্তি সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

প্রতিমন্ত্রী বলেন, “সাইবার ক্রাইম যেভাবে বাড়ছে তাতে সবাইকে সম্মিলিতভাবে তা মোকাবেলা করতে হবে।”

কোনোভাবেই সাইবার অপরাধীদের সরকার সুযোগ দিতে চায় না বলে মন্তব্য করেন পলক। আইসিটি মন্ত্রণালয়ের সচিব এন আই খান বলেন, “সাইবার নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।”

ভিজিলেন্স টিম  প্রসঙ্গে তিনি বলেন, “এ টিম করে কতটা লাভ হবে তা নিয়েও একটি গবেষণা প্রয়োজন।”

সিটিও ফোরামের সভাপতি তপনকান্তি সরকার তার মূলপ্রবন্ধে বলেন, “সচেতন হলে হ্যাকিং থেকে অনেকসময়ই বাঁচা সম্ভব।”

এন্টিভাইরাস ব্যবহারসহ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সাইবার অপরাধের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, “সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইন থাকলেও তা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না।

ফেসবুক ব্যবহারের মাধ্যমে ধর্মীয় উস্কানি ছড়িয়ে কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দির পোড়ানোর উদাহরণ দিয়ে তিনি বলেন, “প্রায় দুই বছর হতে চললেও এ ঘটনায় কোনো অপরাধী এখন পর্যন্ত সাজা পায়নি।”

আইসিটি বিভাগের যুগ্মসচিব শ্যামা প্রসাদ বেপারী, সিটিও ফোরামের ভাইস-প্রেসিডেন্ট নওয়েদ ইকবাল, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সিস্টেম এনালিস্ট দেবদুলাল রায়, সিটিও ফোরামের কোষাধ্যক্ষ ড. ইজাজুল হক, এয়ারটেল বাংলাদেশের সিআইও লুৎফুর রহমান, সিসিএ বাংলাদেশের আইসিটি বিভাগের জি ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, বিডাব্লিউআইটির প্রেসিডেন্ট লুনা সামসুদ্দোহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. বিল্লাল হোসেন, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবীর, ঢাকা স্টক এক্সচেঞ্জের মো. আরিফুর রহমান, লঙ্কাবাংলার কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।