অটিস্টিকদের সহায়তায় স্পেশালিস্ট গিল্ড
বেড়ে ওঠা অটিস্টিকদের বেকারত্ব আর সঠিক পেশায় নিয়োগ দিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্পেশালিস্ট গিল্ড নামে স্যান ফ্রান্সিস্কোর একটি দাতব্য প্রতিষ্ঠান ।
সম্পতি আমেরিকার রোগ প্রতিরোধ এবং নিরাময় কেন্দ্রের এক রিপোর্ট অনুযায়ী প্রতি ৬৮ জন শিশুর মধ্যে ১জনের স্পেকট্রাম ডিসঅর্ডার থাকে। যা গত দুবছরের তুলনায় ৩০ শতাংশ বেড়ে গেছে বলে রিপোর্টটিতে বলা হয়েছে।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিহাসে দেখা গেছে পরিণত বয়সে এসব শিশু সবসময় কর্মক্ষেত্র নির্বাচনে নানারকম সমস্যার মুখোমুখি হচ্ছে। তথ্যানুযায়ী ৯০ শতাংশের মত অটিস্টিক ব্যক্তি পরিণত বয়সে হয় বেকার নাহলে যোগ্যতার চেয়ে নিম্নমানের পেশায় জড়িত।
স্পেশালিষ্ট গিল্ড অটিস্টিকদের বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি অ্যাচেল এক ভিডিও বার্তায় বিবিসিকে জানিয়েছেন অটিস্টিকদের বেকারত্বের হার আগের চেয়ে আট থেকে নয় শতাংশ বেড়ে গেছে। তিনি বলেন, “আমার মনে হয় এটা একদিকে মানুষের কর্মদক্ষতাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মত। শুধু আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারার জন্য, চতুর না হওয়ায় কাউকে চাকরিতে না নেওয়া আর কি হতে পারে?”
অটিস্টিকদের বিষয়ে বলতে গিয়ে অ্যাচেল আরও বলেন, “তারা কোন কিছুকে সীমাহীনভাবে ভাবতে থাকে কারণ তাদের কাছে কোনও কিছুর সীমাবদ্ধতা নেই।”
ইতোমধ্যে স্পেশালিষ্ট গিল্ড প্রতিষ্ঠানটিতে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন বিভাগেও নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন বয়সের অটিস্টিকদের।
