২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ান সোশাল নেটওয়ার্ক মালিক বরখাস্ত

রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক সাইটের মালিক জানিয়েছেন তার প্রতিষ্ঠান থেকেই তাকে বরখাস্ত করা হয়েছে। আর তার সাইট এখন চালাচ্ছে প্রেসিডেন্ট পুতিন সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 05:56 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভিকন্তাক্তে (ভিকে ডটকম) সোশাল নেটওয়ার্কটির পরিচালক পাভেল ডুরাভ কোম্পানিটিকে ছেড়ে দিচ্ছেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এও জানিয়েছিলেন, তিনি তার পদত্যাগ প্রত্যাহার করেছেন। কিন্তু কোম্পানিটি এই প্রত্যাহারের কথা অস্বীকার করেছে।

ডুরাফ এর আগে নিজের সাইটে প্রকাশিত পোস্ট সেন্সর করার জন্য রাশিয়ান সরকারের অনুরোধ রাখেননি।

এক বিবৃতিতে ডুরাভ জানিয়েছেন, তিনি পত্রিকার মাধ্যমে নিজের পদত্যাগের খবর জানতে পেরেছেন। তিনি বলেছেন, “আজকে আমি ভিকন্তাক্তের সাধারণ পরিচালক থাকা অবস্থায় চাকরীচ্যুত হলাম। আকর্ষণীয় খবর হল একথা পার্টনারদের কেউ জানাতে সাহস করেনি। আর আমাকে পত্রিকার মাধ্যমে আমার চাকরীচ্যুতির খবর পেতে হল।”

ডুরাভ পহেলা এপ্রিল তার পদত্যাগের কথা প্রকাশ করেন। কিন্তু তার দুদিন পর জানান যে ওটা কেবল ‘এপ্রিলফুল’-এর কৌতুক ছিল। রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের এক রিপোর্ট অনুযায়ী, ভিকন্তাক্তে জানিয়েছে, ডুরাভ ২১শে মার্চ তার পদত্যাগপত্র জমা দেন যা এক মাস পরে প্রত্যাহার না করায় আপনাআপনি কার্যকর হয়ে পরে।

রাশিয়ার সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্ক সাইট ভিকন্তাক্তে বা ভিকেডটকম ব্যবহারকারির সংখ্যা ১০ কোটিরও বেশি। এছাড়া বিভিন্ন সরকারি তথ্য সরবরাহেও ব্যবহৃত হয় সাইটটি।