২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিলামে টিম কুকের সঙ্গে ‘লাঞ্চ ডেট’

অ্যাপল সিইও টিম কুকের সঙ্গে দুপুরের উদরপূর্তির কাজটা সেরে নিতে পারবেন আপনিও, তাও আবার অ্যাপলের কুপার্টিনো হেডকোয়ার্টারে বসেই। তবে সে জন্য খরচ করতে হবে গাঁটের পয়সা। চ্যারিটি তহবিল সংগ্রহের জন্য এবার নিজের দুপুরের খাবারের জন্য আলাদা করে রাখা সময়টা নিলামে বেচে দিচ্ছেন টিম কুক। সবচেয়ে বেশি নিলাম ডাকলেই মিলবে টিম কুকের সঙ্গে দুপুরের খানাপিনাসহ একঘণ্টা আড্ডা দেওয়ার সুযোগ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 04:29 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৮ম বার্ষিক ‘রবার্ট এফ কেনেডি সেন্টার স্প্রিং অকশন’-এর অংশ হিসেবে নিজের ‘লাঞ্চ টাইম’ বিক্রি করছেন কুক। এটা কুকের দ্বিতীয় ‘সেলিব্রেটি অকশন’। ২০১৩ সালেই নিলাম হয়েছিল টিম কুকের সঙ্গে ৩০ মিনিটের এক ‘কফি ডেট’। সেবার নিলামের জয়ী ব্যক্তি কফি ডেট জিতে নিয়েছিলেন ৬ লাখ ১০ হাজার ডলারে।

গতবারের মতো এবারেরও সেলিব্রেটি অকশনের আয়োজন করছে চ্যারিটিবাজ ডটকম। চ্যারিটিবাজের তথ্য অনুযায়ী গত বছরের কফি ডেট নির্ধারিত সময় পার হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলেছিল। এর মধ্যে নিলামের বিজয়ী ব্যক্তি সুযোগ পেয়েছেন টিম কুকের অফিসটা ঘুরে দেখারও। আর গতবারের মতো এবারও টিম কুকের সঙ্গে দেখার করার জন্য আগ্রহীরা যে উঠেপড়ে লাগবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

সাইটটির সেলিব্রেটি এবারের অকশনের তালিকায় আছে বুশকন্যা জেনা বুশ হ্যাগারের সঙ্গে ‘কফি ডেট’-এর সুযোগ। এর আগে এই সেলিব্রেটি অকশনে অংশ নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, পপতারকা লেডি গাগা, ওপরাহ উইনফ্রে এবং দালাইলামা।