বেআইনি সমঝোতা ছাড়ল চার টেক জায়ান্ট
কর্মীদের বঞ্চিত করার অভিযোগে মামলায় হেরে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া থেকে বাঁচতে আদালতের সঙ্গে সমঝোতায় এসেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, গুগল, ইনটেল এবং অ্যাডোবি। আদালতের মাধ্যমে সমঝোতার পর এখন ৩০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মামলার অভিযোগে বলা হয়েছে এক প্রতিষ্ঠানের কর্মীকে অন্য প্রতিষ্ঠানে বেশি বেতনে কাজ করার সুযোগ না দেওয়ার বেআইনি সমঝোতা ছিল ওই ৪ প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীদের কাজের ক্ষেত্র একদিক থেকে সংকুচিত করছিল, অন্যদিকে থেকে ওই কর্মীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল কম বেতনে।
মামলার রেকর্ড থেকে জানা গেছে প্রতিষ্ঠানগুলো যখন এ সমঝোতা করে সে সময় অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস বেঁচে ছিলেন।
আদালতের মাধ্যমে সমঝোতায় আসার কারণে চার প্রতিষ্ঠানের ৬৪ হাজার কর্মী এখন ক্ষতিপূরণ হিসেবে পাবেন ওই ৩০০ কোটি ডলার। তবে সমঝোতায় না এসে মামলা চালিয়ে পরে হারলে এর থেকে তিন গুণ বেশি ক্ষতিপূরণের আশঙ্কা ছিল প্রতিষ্ঠানগুলোর।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আদালতে উত্থাপিত তথ্যপ্রমাণের মধ্যে অ্যাপলগুরু স্টিভ জবসকে গুগলের সাবেক সিইও এরিক স্মিডের পাঠানো একটি ইমেইলও ছিল। অ্যাপল কর্মীদের গুগলে নিয়ে আসার দায়িত্বে থাকা ব্যক্তিকে বরখাস্ত করার কথা বলা হয়েছিল ওই ইমেইলে। জবস ওই মেইলটি নাকি ফরওয়ার্ড করেছিলেন অ্যাপলের মানবসম্পদ বিভাগের কাছে, সঙ্গে ছিল একটি স্মাইলি ফেইস।
মামলায় সমঝোতায় আসার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানগুলো। ইনটেল নির্দোষ, তবে ঝামেলা এড়াতেই সমঝোতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ইনটেল মুখপাত্র চাক মালয়। অন্যদিকে কর্মীদের বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেছে অ্যাডোবিও।
মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গুগল ও অ্যাপল।
