২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লপি ডিস্কে মিলল হারানো আর্ট কালেকশন

তিন দশকের পুরনো ফ্লপি ডিস্কে মিলল প্রয়াত মার্কিন ভিজুয়াল আর্ট শিল্পী অ্যান্ডি ওয়ারহলের হারানো আর্ট কালেকশান। কাগজে কলমে নয়, ১৯৮৫ সালে অ্যামিগা ১০০০ কম্পিউটারে ছবিগুলো একেঁছিলেন শিল্পী।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 04:25 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮৫ সালে ওয়ারহলকে অ্যামিগা ১০০০ কম্পিউটারে ছবি আকার গুরুদায়িত্ব দিয়েছিল কম্পিউটার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা কমোডোর ইন্টারন্যাশনাল। আর ওয়ারহল তার কাজের বেশিরভাগই জমিয়ে রেখেছিলেন অ্যামিগা ফ্লগি ডিস্কে।

ফ্লপিগুলো অ্যান্ডি ওয়ারহল মিউজিয়ামের মালিকানায় ছিল ১৯৯৪ সাল থেকেই। তবে ইতিহাসবিদরা ফ্লপি ডিস্কগুলোতে হারানো আর্ট কালেকশানের খোঁজ পান ২০১৩ সালে। তবে ততদিনে ডিস্কের ফাইলগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। শেষপর্যন্ত বিশেষভাবে তৈরি ‘কাস্টম সফটওয়্যার’ ব্যবহার করে ফ্লপি থেকে ছবিগুলো উদ্ধার করতে পেরেছেন একদল আর্কাইভিস্ট ও কম্পিউটার বিশেষজ্ঞ।

ওই ছবিগুলোর মধ্যে আছে ওয়ারহলের ট্রেডমার্ক স্যুপক্যান আর ‘মডিফাইড’ বতিচেল্লি।

এ ব্যাপারে অ্যান্ডি ওয়ারহল মিউজিয়ামের পরিচালক এরিক শাইনার বলেন, “ওয়ারহল তার শিল্পের কোনো সীমা আছে বলে বিবেচনা করেননি। কাজের ক্ষেত্র নিয়ে সবসময়ই পরীক্ষা চালিয়েছেন তিনি এবং নতুন মাধ্যমে কাজ করা নিয়ে তার যে উৎসাহ ছিল নতুন ছবিগুলো তারই প্রমাণ।”