২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডটকমের বিরুদ্ধে আবারও মামলা

আবারও মামলা হয়েছে সাইবার উদ্যোক্তা ও মেগাআপলোড প্রতিষ্ঠাতা কিম ডটকমের বিরুদ্ধে। মেগাআপলোড অপারেটির এবং কিম ডটকমের বিরুদ্ধে একজোট হয়ে এবারের মামলাটি করেছে শীর্ষ ৬ প্রযোজনা প্রতিষ্ঠান।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

২০১২ সালে মার্কিন কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত সবচেয়ে বড় ফাইল শেয়ারিং সাইটগুলোর একটি ছিল মেগাআপলোড। বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, মেগাআপলোড এবং কিমডটকমের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করে কন্টেন্ট বিতরণ এবং এবং ওই কন্টেন্ট থেকে বেআইনি মুনাফা অর্জনের অভিযোগ করা হয়েছে ওই মামলায়। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর দাবি ফাইল শেয়ারিং সাইটটির কারণে কপিরাইটের মালিকদের আর্থিক ক্ষতি হয়েছে ৫০ কোটি ডলারেরও বেশি।

তবে বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন ডটকম। তার দাবি মেগাআপলোড ছিল কেবলই একটি স্টোরেজ সাইট।

আর এ ব্যাপারে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশান অফ অ্যামেরিকার (এমপিএএ) গ্লোবাল জেনারেল কাউন্সেল স্টিভেন ফাবরিজিওর বক্তব্য, “ক্লাউড স্টোরেজ নয়, মেগাআপলোড ছিল পাইরেটেড কেন্টন্ট বিতরণের বেআইনি হাব।”

এমপিএএর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফাবরিজিও বলেন, ‘২০১২ সালে মর্কিন কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার আগ পর্যপন্ত বিশ্বের সবচেয়ে বড় কপিরাইট আইনভঙ্গকারী সাইট ছিল মেগাআপলোড। জনপ্রিয় মুভি, টিভি শো এবং কন্টেন্ট আপলোডের জন্য ব্যবহারকারীদের পুরস্কারও দিত মেগাআপলোড, যার বেশিরভাগই ছিল পাইরেটেড কন্টেন্ট।’

টুইটার পোস্টে সব অভিযোগ অস্বীকারও করেছেন ডটকম। তার দাবি ১০০ মেগাবাইটের বড় ফাইলে জন্য কোনো রকমের পুরস্কার পেতেন না ব্যবহারকারীরা।