উইন্ডোজ ৮.১-এ যা কিছু নতুন
ক্যালিফোর্নিয়ার স্যান ফ্র্যান্সিসকোতে অনুষ্ঠিত বিল্ড ডেভেলপার কনফারেন্সে উইন্ডোজ ৮.১ আপডেট আনার ঘোষণা দিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম অবমুক্তের প্রায় ২ বছর পর মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের আপডেট আনছে। এতে থাকছে নতুন বেশ কিছু ফিচার।
উইন্ডোজ ইউজার এক্সপেরিয়ান্স টিমের সদস্য জেনসেন হ্যারিস ইউটিউবে প্রকাশিত এক ভিডিও ফুটেজের মাধ্যমে জানান, উইন্ডোজ ফোনে সব অ্যাপ বিনামূল্যে পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী গেইমস, নিউজ ও বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপসগুলো সাজানো যাবে।
নতুন করে যুক্ত হয়েছে, পার্সোনালাইজ অপশন। সেখান থেকে ডেস্কটপে পছন্দের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যাবে। নতুন সার্চ ফিচার বদলে দেবে ইন্টারনেট সার্চ ইঞ্জিন ব্যবহারের অভিজ্ঞতা। যেমন ব্যবহারকারী কোনো ব্যক্তির ছবি খুঁজতে চাইলে ছবির কেমন ব্যাকগ্রাউন্ড চান তা-ও ঠিক করে দিতে পারবেন। এতে পছন্দের রংয়ে কিংবা প্রয়োজনীয় সাইজ ও রংয়ে ছবি খুঁজে বের করা যাবে।
মজার ব্যাপার হলো, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে সার্চ করলে তার ছবি, উইকি প্রোফাইল, তার সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের আলাদা ক্যাটেগরি দেখা যাবে। পছন্দের ক্যাটেগরিতে ক্লিক করে জানা যাবে প্রয়োজনীয় তথ্য।
ক্লাউডভিত্তিক উইন্ডোজ ৮.১ এ স্কাই ড্রাইভ ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও সম্পাদনা করা যাবে। এছাড়া একই সঙ্গে উইন্ডোতে চার-পাঁচটি অ্যাপস চালানো যাবে। যেমন মেইল ব্যবহারের সময় একই উইন্ডোতে ছবি সম্পাদনার কাজও করা যাবে। কোন অ্যাপ্লিকেশন চালাতে উইন্ডোতে কতটুকু জায়গা দিতে চান তা-ও নির্ধারণ করে দেওয়া যাবে।
৮ এপ্রিল সব উইন্ডোজ ৮ ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে বিনামূল্যে নতুন ভার্সন আপডেট হবে। ডেস্কটপ ও ল্যাপটপে আপডেটের মূল আকর্ষণ থাকছে মাউস ও কি-বোর্ড সেটআপ। টাস্কবারেও কিছুটা পরিবর্তন লক্ষ করা যাবে।
