২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবের চাইতে অ্যাপসই জনপ্রিয়

মোবাইল ওয়েব নয়, মোবাইল অ্যাপ নিয়েই ব্যস্ত থাকেন বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী। গবেষণা প্রতিষ্ঠান ফ্লারির প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ওয়েবের থেকে এইচটিএমএল৫ ওয়েবসাইট ব্যবহারের বদলে গেইমস আর ফেইসবুক অ্যাপেই বেশি সময় দেন ব্যবহারকারীরা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 06:10 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

“স্মার্টফোন ব্যবহারকারীরা মোবাইল অ্যাপের বদলে মোবাইল ওয়েব থেকে এইচটিএমএল৫ ভিত্তিক ওয়েবসাইট ব্যবহারেই বেশি ঝুঁকবেন।”-- টেক বোদ্ধাদের সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে দিল ফ্লারির ওই গবেষণা প্রতিবেদন।

বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের মার্চ মাস থেকে ২০১৪ সালের মার্চ মাস পর্যতন্ত এক বছরে মোবাইল ওয়েব ব্যবহারের পরিমাণ কমেছে এক চতুর্থাংশ।

২০১৩ সালের মার্চে মার্কিন নাগরিকরা মোবাইল ওয়েব থেকে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিংয়ের পেছনে দৈনিক ৩১ মিনিট খরচ করলেও ২০১৪ সালের মার্চে তা নেমে এসেছে ২২ মিনিটে।

অন্যদিকে স্মার্টফোনের পেছনে আরও বেশি সময় দিচ্ছেন ব্যবহারকারীরা।

২০১৩ সালের মার্চে প্রতিদিন গড়ে ২ ঘণ্টা ৩৮ মিনিট সময় স্মার্টফোনের পেছনে খরচ করলেও এখন তা বেড়ে হয়েছে ২ ঘণ্টা ৪২ মিনিট।

ফ্লারির প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনে শতকরা ৮০ ভাগ (২ ঘন্টা ৬ মিনিট) সময় ব্যবহারকারীরা ব্যয় করতেন বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। এক বছরের বিনিময়ে বেড়েছে ওই গড়ও। এখন ব্যবহারকারীরা স্মার্টফোনে শতকরা ৮৬ ভাগ(২ ঘন্টা ১৯ মিনিট) সময় কাটান বিভিন্ন অ্যাপ ব্যবহার করে।

কয়েক মিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারীর কাছ থেকে সংগ্রহ করা ডেটার উপর ভিত্তি করে গবেষণা প্রতিবেদন তৈরি করেছে ফ্লারি।

ফ্লারির প্রতিবেদন অনুযায়ী গেইমিংয়ের পেছনেই সবচেয়ে বেশি সময় দেন স্মার্টফোনের ব্যবহারকারীরা। গড়ে ৩২ শতাংশ সময় গেইমিং ডিভাইসের কাজ চালিয়ে নেন স্মার্টফোন দিয়েই। আর ১৭ শতাংশ সময় খরচ করেন ফেইসবুকে।