২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাব৪ দেখাল স্যামসাং

মঙ্গলবার নতুন ট্যাব৪ ট্যাবলেট দেখিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি শুরু হবে মাঝারি দামের ট্যাবলেটটির।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:35 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৭, ৮ এবং ১০.১ ইঞ্চি এই তিন আকারে ডিসপ্লের তিনটি মডেলের ট্যাব৪ একসঙ্গে বাজারে ছাড়বে স্যামসাং। কালো আর সাদা এই দুই রংয়ের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে ট্যাবলেটটি। এছাড়াও থাকবে ওয়াই-ফাই এবং এলটিই ভার্সন।

ট্যাবলেটটি চলবে ১.২ গিগহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে। থাকবে ১২৮০ বাই ৮০০ পিক্সেলের ডব্লিউএক্সজিএ স্ক্রিন। অন্যান্য ফিচারের মধ্যে আছে ৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১,৩ মেগাপিক্সেলের ফ্রণ্ট ক্যামেরা এবং ব্লুটুথ ৪.০ সংযোগ সুবিধাও থাকবে।

ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচার এবং হার্ডওয়্যারের হিসেবে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট প্রো এবং ট্যাব প্রো ট্যাবলেটগুলোর সঙ্গে হয়ত পেরে উঠবে না ট্যাব৪। তবে বাজারের মধ্যম দামের ট্যাবলেটগুলোর বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এটি। তবে একই হার্ডওয়্যার এবং সফটওয়্যার কনফিগারেশনের ট্যাবলেট ডিসপ্লের আকারের উপর ভিত্তি করে তিনটি মডেলে বাজারজাত করার পেছনে স্যামসাংয়ের চিন্তাটি এখনও পরিষ্কার নয়।

ট্যাব৪ এর সবগুলো মডেলের দামই হবে ৩৫০ ডলারের নিচে। অ্যাপল, অ্যামাজন আর গুগলের মাঝারি দামের ট্যাবলেটগুলো খুব শিগগিরই নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।