২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট মামলার জরিমানা দেড় বিলিয়ন ডলার

কার্নেগি মেলন ইউনিভার্সিটির পেটেন্ট করা দুটি হার্ডডিস্ক ডিজাইন অনুমতি ছাড়াই ব্যবহার করছিল মার্কিন মাইক্রোচিপ নির্মাতা মারভেল টেকনোলজি গ্রুপ। ৩৭০ কোটি ডলার ক্ষতিপূরণের দাবিতে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছিল বিশ্ববিদ্যালয়টি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:31 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বিশ্ববিদ্যালয়টির পক্ষে রায় হওয়ায়, মারভেল টেকনোলিজ গ্রুপকে এখন জরিমানা গুনতে হবে দেড়শ কোটি ডলার।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিক রায়ে ১১০ কোটি ডলার জরিমানার রায় দেওয়া হলেও জরিমানার পরিমাণ বাড়িয়ে দেড়শ কোটি ডলার করেছেন মামলার বিচারক নোরা ব্যারি ফিশার। মারভেল ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়টির পেটেন্টে করা ডিজাইন নকল করেছে বলে প্রমাণিত হয়েছে, রায়ে এমনটাই বলেছেন জাজ ফিশার।

তিনগুণ ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে। কিন্তু তিনগুণ জরিমানা করা হলে ক্ষতিপূরণ মেটানোর বদলে খোদ মারভেলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে ওই দাবি নাকচ করে দেন ফিশার।

তবে ফিশারের ওই রায়ের বিরুদ্ধে মারভেল আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলেই জানিয়েছে বিবিসি। আদালতে মারভেল টেকনোলজিস গ্রুপ আর কার্নেগি মেলন ইউনিভার্সিটির লড়াইয়ের মূলে ছিল ২০০১ এবং ২০০২ সালে বিশ্ববিদ্যালয়টির পেটেন্ট করা দুটি ডিজাইন।

কার্নেগি মেলনের অভিযোগ, কমপক্ষে ৯টি ভিন্ন মডেলের চিপ বোর্ডে বিশ্ববিদ্যালয়টির পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করছিল মারভেল।

২০০৯ সালে মারভেলের বিরুদ্ধে মামলা করা হয় কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। মামলা করার পর বেরিয়ে আসে বিস্ময়কর তথ্য। মামলা হওয়ার ৭ বছর আগে থেকে জেনেশুনেই বিশ্ববিদ্যালয়টির পেটেন্টে করা প্রযুক্তি নকল করে নিজেদের পণ্যে ব্যবহার করছিল মারভেল।

বিবাদি হিসেবে মামলায় মারভেলের বক্তব্য ছিল, কার্নেগি মেলনের পেটেন্ট করা ডিজাইনগুলো এতটাই জটিল যে, বাস্তব জগতে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব নয় ওই প্রযুক্তি।