আরিফ বিসিএস সভাপতি, মিলন মহাসচিব
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সোর্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ মো. মাহফুজুল আরিফ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন পিসি মার্ট লি.-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন।
২৯ মার্চ শনিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ৭ জন পরিচালক নির্বাচিত হন। বিসিএস-এর নিয়মানুসারে ৩০ মার্চ সমিতির কার্যালয়ে নির্বাচিত ওই ৭ জনের মধ্যে কার্যনির্বাহী কমিটির পদবণ্টন করা হয় বলে বিসিএস-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে হাইটেক প্রফেশনালস স্বত্বাধিকারী মজিবুর রহমান স্বপন, যুগ্ম-মহাসচিব পদে মাইক্রো সান সিস্টেমস স্বত্বাধিকারী এস. এম. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে কাজী এবিসি কম্পিউটার কর্নারের ম্যানেজিং পার্টনার শামসুদ্দিন আহমেদ লাভলু দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এ.টি. শফিকউদ্দিন আহমেদ এবং আরএম সিস্টেমস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলী আশফাক।
বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে স্বদেশ রঞ্জন সাহা এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে খন্দকার আতিক-ই-রাব্বানী ও কামরুল ইসলাম দায়িত্ব পালন করেন। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে শাফকাত হায়দার এবং নির্বাচন আপিল বোর্ডের সদস্য হিসেবে শেখ কবির আহমেদ ও এ.কে.এম শামসুল হুদা দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং ৮টি শাখা কমিটি আগামী ০১ এপ্রিল ২০১৪ হতে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিসিএস।
