২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ স্টোরে শীর্ষে মাইক্রোসফট অফিস

অ্যাপলের অ্যাপস্টোরে আসার ২৪ ঘন্টার মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছে বহুল ব্যবহৃত মাইক্রোসফট অফিসের আইপ্যাড ভার্সন। অ্যাপস্টোরের ডাউনলোড চার্টে এখন শুধুই মাইক্রোসফট অফিসের রাজত্ব।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 03:34 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, চার্টের শীর্ষ ৪টি অ্যাপই মাইক্রোসফট অফিস স্যুটের। তালিকার প্রথমেই রয়েছে ওয়ার্ড ফর আইপ্যাড। এরপরেই যথাক্রমে আছে এক্সেল ফর আইপ্যাড, পাওয়ারপয়েন্ট ফর আইপ্যাড, এবং ওয়াননোট ফর আইপ্যাড।

ওয়ার্ড ফর আইপ্যাড, এক্সেল ফর আইপ্যাড এবং পাওয়ারপয়েন্ট ফর আইপ্যাড এই শীর্ষ অ্যাপ তিনটি ডাউনলোড করা যাবে বিনামূল্যে। তবে ডকুমেন্ট এডিটিং এবং অন্যান্য ফিচারের জন্য লাগবে ৯৯ ডলারের সাবস্ক্রিপশান, ব্যতিক্রম কেবল ওয়াননোট।

অ্যাপস্টোরে মাইক্রোসফটের অফিস অ্যাপের এই সাফল্যে মাইক্রোসফট কর্তারা যে বেশ খুশি তা আর বলা অপেক্ষা রাখে না। অ্যাপস্টোরের শীর্ষে অ্যাপগুলোর তালিকার স্ক্রিনশট নিয়ে বেশ গর্বের সঙ্গেই টুইটারে পোস্ট করে দিয়েছেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা। টুইট করেছেন, “মনে হচ্ছে আইপ্যাড মালিকদের বেশ ব্যস্ত একটা দিন যাচ্ছে!”