অবশেষে আইপ্যাডে মাইক্রোসফট অফিস
বৃহস্পতিবার অ্যাপল আইপ্যাডের জন্য অফিস স্যুট লঞ্চ করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। অ্যাপলের অ্যাপস্টোরেই এখন পাওয়া যাচ্ছে অফিস স্যুটের আইফ্যাড ভার্সন।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ার্ড, এক্সেল আর পাওয়ারপয়েন্টের মতো অফিস স্যুটের সবগুলো সুবিধাও নেওয়া যাবে এই আইপ্যাড ভার্সনে। আছে এডিটিং টুলও। তবে অফিস স্যুটের সবগুলো ফিচার ব্যবহারের সুযোগ পেতে হলে হতে হবে অফিস ৩৬৫ সাবস্ক্রাইবার।
অফিস স্যুটের পুরনো ব্যবহারকারীরা কার্যত কোনো পার্থক্য পাবেন না আইপ্যাড ভার্সনে। টেবিল, মাইক্রোসফট ফন্ট, রিবন পপ-আপ মেন্যুর সবই আছে এতে। তবে আছে নিউমেরিক কিবোর্ড আর এক্সেলের জন্য টেবিল রিকমেন্ডশনের মতো কয়েকটি নতুন ফিচারও। এছাড়াও আছে ওয়ান-ড্রাইভের সঙ্গে বিল্ট-ইন সংযোগ।
২০১০ সালে প্রথম আইপ্যাড বাজারে আসার পর থেকেই ট্যাবলেটটির জন্য অফিস স্যুটের নতুন ভার্সনের গুজব শোনা যাচ্ছিল। সেই গুজবগুলো নতুন গতি পায় মার্চের তৃতীয় সপ্তাহে। অবশেষে সত্যি প্রমাণিত হল সেই গুজবগুলোই।
ম্যাশএবল জানিয়েছে, অফিস স্যুটের আইপ্যাড ভার্সন নিয়ে মাইক্রোসফটের কর্মকর্তারা দোটানায় পড়ায় এতটা দেরি হল অ্যাপটি বাজারে আসতে। আইপ্যাডের জন্য আলাদা করে অফিস স্যুট বানালে তা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কি না তা দিয়ে সন্ধিহান মাইক্রোসফটের কর্তাব্যক্তিরা।
