অ্যান্ড্রয়েডের জন্য সেরা ক্যাসপারস্কি
গবেষণা প্রতিষ্ঠান পিসি সিকিউরিটি ল্যাবের (পিসিএসএল) সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী অ্যান্ড্রয়েড ডিভাইসের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে কায্যকর অ্যান্টিভাইরাস হল, ক্যাসপারস্কি ল্যাবের তৈরি ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফর অ্যান্ড্রয়েড’।
জানুয়ারি মাসে ‘অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ডিটেকশান টেস্ট’ নামে এক পরীক্ষা চালিয়েছিল পিসিএসএল। ওই পরীক্ষায় শতকরা ৯৯.৯ শতাংশ সাইবার হুমকি ঠেকিয়ে দেয় ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাসটি। আর ক্যাসপারস্কির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ৮৬.৬ শতাংশ হুমকি চিহ্নিত করতে সক্ষম হয়।
অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ডিটেকশান টেস্টে বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি সফটওয়্যার নিয়ে পরীক্ষা চালায় পিসিএসএল। ২ হাজার ২’শ ম্যালওয়্যারের বিপরীতে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোর কার্যক্ষমতা যাচাই করে দেখে গবেষণা প্রতিষ্ঠানটি। শতকরা ৯৯.৯ শতাংশ ম্যালওয়্যার সফলভাবে চিহ্নিত করতে সক্ষম হয় ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফর অ্যান্ড্রয়েড।
স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে বহুল ব্যবহৃত গুগলের অ্যান্ড্রয়েড ওএস। স্মার্টফোন নির্মাতা আর ক্রেতা উভয় পক্ষের কাছে ওএসটির জনপ্রিয়তার ফলে সাইবার অপরাধীরাও অ্যান্ড্রয়েডের উপর আক্রমণ চালিয়ে থাকে সবচেয়ে বেশি। ২০১৩ সালে ক্যাসপারস্কি ল্যাবের চিহ্নিত করা ৯৮ শতাংশ ম্যালওয়্যারই তৈরি করা হয়েছিল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আক্রমন চালানোর জন্য।
২০১৩ সালে বিটুবি ইন্টারন্যাশনাল এবং ক্যাসপারস্কি ল্যাবের এক যৌথ জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ম্যালওয়্যারগুলোর সিংহভাগেরই উদ্দেশ্য থাকে ব্যবহারকারীদের ব্যাংকিং লেনদেন, ক্রেডিট কার্ড সম্পর্কিত এবং বিভিন্ন ব্যক্তিগত গোপন তথ্য চুরি করা। আর অর্ধেকেরও বেশি স্মার্টডিভাইস ব্যবহারকারী অ্যান্টিভাইরাস ব্যবহারে অনীহা প্রকাশ করায় প্রায়শই সাইবার আক্রমণের শিকার হন তারা।
