এবার ডটকমের রাজনৈতিক দল
এবার নতুন রাজনৈতিক দল খুলে বসেছেন ফাইল হোস্টিং সাইট মেগাআপলোড প্রতিষ্ঠাতা কিম ডটকম।
২০১৪ সালের সেপ্টেম্বরেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। ওই নির্বাচনে নিজের রাজতৈনিক দল নিয়ে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদন অনুযায়ী, “ইন্টারনেট এবং প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতা, প্রাইভেসি নিশ্চিত করা এবং রাজনৈতিক সংস্কার করাই হবে নতুন রাজনৈতিক দলটির উদ্দেশ্য।”-- এমনটাই বলেছেন ডটকম।
নিউজিল্যান্ডের সংসদে প্রবেশের জন্য নির্বাচনে কমপক্ষে একটি আসন অথবা মোট ভোটের ৫ শতাংশ পেতে হবে ডটকমের নতুন দলটিকে। নির্বাচনে ইতিবাচক ফলাফল পেতে প্রতিষ্ঠিত কোনো দলের সঙ্গে জোট বাঁধার প্রসঙ্গও উঠে এসেছে। তবে ওই সম্ভাবনা খুবই কম বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
কম খরচে দ্রুতগতির ইন্টারনেট সেবা, প্রযুক্তিখাতে কর্মসংস্থান, প্রাইভেসি নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইন্টারনেটভিত্তিক দলটির নিজস্ব সাইটে। এছাড়াও নিউজিল্যান্ডে নিরাপদ এনক্রিপ্টেড ডিজিটাল কারেন্সি চালু করার কথাও বলা হয়েছে ওই সাইটে।
কিম ডটকম নামেই বেশি পরিচিতি হলেও ডটকমের আসল নাম কিম স্মিড। বর্তমানে নিউজিল্যান্ডের বাসিন্দা ৩৯ বছর বয়সী এই ইন্টারনেটভিত্তিক ব্যবসায় উদ্যোক্তার জন্ম জার্মানিতে।
২০১২ সালের জানুয়ারি মাসে পাইরেসির অভিযোগে ডটকমকে গ্রেপ্তার করে নিউজিল্যান্ড পুলিশ। বন্ধ করে দেওয়া হয় মেগাআপলোড। বন্ধ করে দেওয়া হয়েছিল তার ব্যাংক লেনদেনও।
পরে প্রবল সমালোচনার মুখে ডটকমের কাছে ক্ষমা চান নিউজল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। দায়ী করেন মার্কিন সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলোকে। ডটকমের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ, ইন্টারনেটে পাইরেটেড কন্টেন্ট বিতরনের মাধ্যমে ১৭.৫ কোটি ডলার আয় করেছেন ডটকম। তবে অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।
মেগাআপলোড বন্ধ হওয়ার ঠিক এক বছরের মাথায় ২০১৩ সালের জানুয়ারি মাসে ‘মেগা’ নামে আরেকটি ফাইল হোস্টিং সাইট চালু করেন ডটকম। আর নতুন সাইটটি নিউজিল্যান্ডের শেয়ারবাজারে যোগ করার ঘোষণা দেন এ মাসেই।
