২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইট করে বিখ্যাত স্কুলছাত্র

যুক্তরাজ্যের এক ফুটবলপ্রেমী স্কুল শিক্ষার্থীর কাণ্ড বিস্মিত করেছে সবাইকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 06:21 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

কেবল ১৭ বছর বয়সের কিশোর হওয়ায়  প্রিয় খেলা ফুটবল নিয়ে কেউ তার মতামতের তোয়াক্কা করছে না দেখে রেগেমেগে টুইটারে ভুয়া অ্যাকাউন্ট খুলে বসেছিলেন স্যাম গার্ডিনার। আর ভুয়া সাংবাদিক পরিচয়ে খোলা ওই অ্যাকাউন্টের বদৌলতে রীতিমতো টুইটার আইকন হয়ে ওঠেন গার্ডিনার।

ক্রীড়া সাংবাদিক না হয়েও টুইটারে গার্ডিনার নিজের পরিচয় হিসেবে লিখেছিলেন দ্য টেলিগ্রাফ এবং ফাইন্যান্সিয়াল টাইমসের ফ্রিল্যান্স সাংবাদিক, কল্পিত সেই চরিত্রের নাম দিয়েছিলেন স্যামুয়েল রোডস। মাঝেমধ্যেই বিভিন্ন কল্পিত সূত্রের বরাত দিয়ে টুইটারে ছড়িয়ে দিতেন বিভিন্ন গুজব। আর সাংবাদিক পরিচয় দেওয়ায় ফুটবলপ্রেমীদের অনেকের কাছেই গুজবগুলো হয়ে ওঠে সম্ভাব্য সত্য।

আর গার্ডিনারের কয়েকটি ভুয়া ‘ভবিষ্যদ্বাণী’ ভাগ্যক্রমে সত্যি হওয়ায় টুইটার ব্যবহারকারীদের কাছে রাতারাতি নির্ভরযোগ্য সূত্র হয়ে ওঠেন ওই কিশোর। টুইটারে রাতারাতি তার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে যায় ২০ হাজার। এমনকি বাঘা বাঘা ক্রীড়া সাংবাদিকরাও বিশ্বাস করতে শুরু করেন রোডস তথা গার্ডিনারের পোস্টগুলো। এমনকি গার্ডিনারের সঙ্গে যোগাযোগ শুরু করেন পেশাদার ফুটবলাররাও।

তবে শেষরক্ষা করতে পারেননি গার্ডিনার। ধরা পড়ে যান টেলিগ্রাফ পত্রিকার ডিরেক্টর অফ ডিজিটাল কন্টেন্ট কেট ডের কাছে। ব্যস, বন্ধ হয়ে যায় তার টুইটার অ্যাকাউন্ট।

তবে, আবারও টুইটারে ফিরেছেন গার্ডিনার। তবে এবার আর ভুয়া অ্যাকাউন্ট নিয়ে নয়, স্পোর্টস অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ইয়াকাটাকের ফুটবল ফিড পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে। এবার আর ভুয়া গুজব নয়; বরং সঠিক তথ্য আর নির্ভরযোগ্য মতামতের উপর ভিত্তি করেই কাজ করার সিদ্ধান্ত তার। এ ব্যাপারে গার্ডিনারের বক্তব্য, “আমার বন্ধুদের অনেকেই কাজ করছে ওয়েটার হিসেবে। আর আমার চাকরিটা হল ফুটবল দেখা আর তা নিয়ে কথা বলা।”

এখন পুরোদস্তুর ক্রীড়া সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। ইচ্ছে একদিন কাজ করবেন দ্য টাইমস পত্রিকার ক্রীড়া সাংবাদিক হিসেবে।