ইমেইল পড়ার অধিকার আছে সেবাদাতার
ক্লাউড সার্ভিস ইনস্টল করার সময় নীতিমালা না পড়ে শুধু `I agree’ প্রেস করলেই তথ্য অধিকার হস্তান্তর হয়ে যায় ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে!
ইন্টারনেটে ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দাবি করছে, তারা ব্যবহারকারীরের অ্যাকাউন্টের ইমেইল পড়তে পারবে, এ অধিকার তাদের আছে। সম্প্রতি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যে আড়িপাতার মতো ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট একজন সাংবাদিকের হটমেইল অ্যাকাউন্টে আড়িপাতার ঘটনা প্রকাশের পর অন্যান্য ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের নিজস্ব ইমেইল নীতিমালা অনুযায়ী তারা অন্যদের ইমেইল কনটেন্ট পড়ার অধিকার রাখে। অ্যাপল, গুগল, ইয়াহু তারা সবাই এ বিষয়ে একমত হয়েছেন।
এ বিষয়ে স্কাইহাই নেটওয়ার্কসের পরিচালক চার্লি হো জানান, ক্লাউড সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এ জন্য বিভিন্ন সেবা ইনস্টল করার আগে নীতিমালা না পড়ে শুধু `I agree’ বাটন প্রেস করেন। এতে ব্যবহারকারী স্বেচ্ছায় অধিকার অর্পণ করেন ইমেইল সেবাদাতার কাছে।
মাইক্রোসফট প্রাইভেসি পলিসি আরও শক্তিশালী করেছে। ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ব্যবহারকারী ইমেইলের মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে। কোম্পানির উপর নিজেদের অধিকার বজায় রাখতে তারা ব্যবহারকারীর ইমেইল নজরদারি করতে চায়। যেমন, গুগল মেইল ব্যবহারকারী কেউ যদি সার্ভিসটির কোনো ত্রুটি ইমেইলের মাধ্যমে অন্য আরেকজনকে জানিয়ে দেয় তাতে কোম্পানির মালিকানা ক্ষুণ্ন হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কোম্পানির উপর মালিকানা অধিকার বজায় রাখতে এ সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে প্রায় সব ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান।
