২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার লাখ স্মার্টওয়াচ বিক্রি করল পেবল

ক্রমশ সম্প্রসারিত হচ্ছে স্মার্টওয়াচের বাজার। এক বছরেরও কম সময়ে চার লাখ স্মার্টওয়াচ বিক্রি থেকে প্রায় ৬ কোটি ডলার রাজস্ব অর্জন করেছে স্মার্টওয়াচ নির্মাতা পেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

২০১৪ সালে রাজস্বমাত্রা দ্বিগুণ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পেবল।

উল্লেখ্য, অ্যাপলের আইওয়াচ নিয়ে দীর্ঘ সময় একদিকে গুজব রটেছে, অপরদিকে অন্যান্য গ্যাজেটস নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করে দেখিয়েছে স্মার্টওয়াচ। চলতি সপ্তাহের শুরুতে গুগলও প্রকাশ করেছে অ্যান্ড্রয়েড চালিত স্মার্টওয়াচের এসডিকে।

পেবলের সিইও এরিক মিগিকভস্কাই গুগল নিউজকে বলেন, “যখন আমরা পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে কাজ শুরু করি তখন প্রতিযোগী ছিল মাত্র কয়েকটি প্রতিষ্ঠান। এটা খুবই মজার বিষয় স্মার্টওয়াচের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সব নির্মাতাই ক্রেতাদের স্মার্টওয়াচ সম্পর্কে নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছেন।”

পেবলের নিজস্ব অ্যাপ স্টোরে রয়েছে রিমোট, ফিটনেস, গেইমিংসহ বিভিন্ন ধরনের হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন।

সম্প্রতি পেবলস স্টোরে যোগ দিয়েছে ইবে, এভারনোট ও টাইমওয়ার্নার কেবলের মতো খ্যাতনামা তিন ব্যবসায়িক পার্টনার।