২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনোলজি সামিটে অংশ নিলেন জয়

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ টানতে নরওয়েতে অনুষ্ঠিত হলো প্রযুক্তি শীর্ষ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 10:09 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার নরওয়ের অসলোতে শেষ হওয়া ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪-তে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন জয়।

টেলিনর কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের মূল বক্তব্যে তথ্য প্রযুক্তি নীতিমালা বাস্তবায়নসহ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কথা বলেন জয়।

জয় বলেন, “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সরকার গত পাঁচ বছরে রপ্তানি আয় ২৪ মিলিয়ন ডলার থেকে ২০০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে এবং আমরা বিশ্বাস করি যে আগামী ৫ বছরে রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।”

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বেসিস সভাপতি শামীম আহসান।

টেলিনর এএসএ বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ অফিসার হ্যানস মার্টিন হেনরিকসন, একসেনসার নরওয়ের স্টেইন এরিক মোই, নরওয়ের আইটি খাতের পক্ষ থেকে মার্টিন টপটেব এবং লুবাবা ফারিন তানিশা বক্তব্য রাখেন।

সামিটে নরওয়ের ২৫টির বেশি আইটি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা, তথ্য প্রযুক্তি খাতের নীতি নির্ধারকবৃন্দ, তথ্য প্রযুক্তি ব্যবসায়ী এবং ১২টি বেসিস সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বেসিসের উদ্যোগে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং গ্রামীন ফোনের সহযোগিতায় অনুষ্ঠিত সামিটের সহ-আয়োজক ছিল টেলিনর, ইনোভেশন নরওয়ে, ড্যানিশ ফেডারেশন অব এসএমই (ডিএফএসএমই) এবং সিবিআই, নেদারল্যান্ড।

এছাড়াও কৌশলগত সহযোগী হিসেবে ছিল ঢাকাস্থ ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ড দূতাবাস।