২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবস চরিত্রে ক্রিশ্চিয়ান বেল!

এবার কি তবে প্রয়াত প্রযুক্তিগুরু স্টিভ জবসের চরিত্রে অভিনয় করবেন ব্যাটম্যানখ্যাত হলিউড তারকা ক্রিশ্চিয়ান বেল!

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

জবসকে নিয়ে সর্বশেষ গুজবটি হল, প্রয়াত এই প্রযুক্তিবিদের একটি আত্মজীবনীমূলক সিনেমা বানাতে চলেছে সনি পিকচার্স। প্রযোজক হিসেবে নাকি ‘গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’খ্যাত পরিচালক ডেভিড ফিনচারের থাকার সম্ভাবনাই বেশি। তবে জবস চরিত্রে কেবল ক্রিশ্চিয়ান বেল অভিনয় করলেই সিনেমাটির দায়িত্ব নেবেন, এমনটাই নাকি আবদার করে বসেছেন তিনি।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘দ্য সোশাল নেটওয়ার্ক’-খ্যাত অ্যারন সরকিন। জবসের জীবনী নিয়ে নতুন সিনেমার চিত্রনাট্য লেখক, প্রযোজক আর সম্ভাব্য অভিনেতার নাম, ওই সবগুলো তথ্যই এসেছে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্রের কাছ থেকে। তাই এখনই গুজবের সত্যতা যাচাই করা বেশ কঠিন কাজ।

তবে এর আগেও জোট বেঁধে কাজ করেছেন সরকিন এবং ফিনচার। ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ সিনেমাটি দিয়ে দর্শক সমালোচক উভয় পক্ষেরই মন জয় করেছিলেন এই জুটি। তাই জবসের জীবনী নিয়ে তৈরি সিনেমাতেও সরকিন আর ফিনচার একজোট হলে তা বিস্ময়কর কিছু হবে না।

অন্যদিকে ভক্তদের একটা বড় অংশের কাছে ক্রিশ্চিয়ান বেলের পরিচয় ‘ব্যাটম্যান’ হলেও সমালোচকদের কাছে বেইলের পরিচয় একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে। কোনো মিল নেই ব্যাটমান আর জবসের চরিত্রে। তবে শারীরিক গঠনের দিক থেকে জবসের সঙ্গে বেশ মিল রয়েছে বেইলের। তার অভিনয় প্রতিভা নিয়েও সন্দেহ প্রকাশের সুযোগ নেই। তাই ভক্তদের অনেকেরই মতেই জবস চরিত্রে ঠিকই মানিয়ে যাবেন ক্রিশ্চিয়ান বেল।