২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবিকস কিউবের রেকর্ড ভাঙল রোবট

রুবিকস কিউব সমাধানে মানুষের চেয়ে এখন এগিয়ে রোবট। সিএনএন-এর দেওয়া তথ্যমতে মানুষের করা সবচেয়ে কম সময়ে রুবিকস কিউব মেলানোর রেকর্ড ভেঙে দিয়েছে স্মার্টফোনচালিত লেগো রোবট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এর আগে রুবিকস কিউবের  পাজল মেলাতে মানুষের সর্বনিম্ন সময় লেগেছিল ৫.৫ সেকেন্ড। স্মার্টফোন চালিত কিউবমাস্টার ৩ লেগো রোবট ওই পাজল সমাধান করেছে মাত্র ৩.৫ সেকেন্ডে।

কিউবমাস্টার হল স্মার্টফোন নিয়ন্ত্রিত এক ধরনের রোবট, যা রুবিকস কিউব মেলাতে পারদর্শী। কিউবমাস্টারের সর্বশেষ সংস্করণ হল কিউবমাস্টার ৩। কিউবমাস্টার ৩-এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে ব্যবহৃত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস ফোর।

কিউবমাস্টারের নির্মাতা ডেভিড গিলডে এ সম্পর্কে বলেন, “কিউবমাস্টার ৩ অতীতের রেকর্ড ভাঙার যোগ্যতা রাখে। কিন্তু এ ধরনের কাজের সময় রোবটের কাজের গতি এত বেশি হতে পারে যে মানুষের সাধারণ দৃষ্টিতে তা অনুসরণযোগ্য নয়।”

ডেভিড গিলডের কাজে সহযোগী হিসেবে ছিল এআরএম প্রকৌশলী মাইক ডবসন।

মোবাইল ফোন রুবিকস কিউবের সমস্যা নির্ধারণ এবং সমাধানের প্রয়োজনীয় কমান্ড দেয় চারটি ধাতব হাতকে, যা কিউব নাড়ানো এবং মেলানোর কাজ নিশ্চিত করে। গিলডে আরও বলেন, “আমরা সময় ব্যয় করেছি রোবটটির বুদ্ধিগত উন্নয়ন এবং সঠিক কর্মদক্ষতা নিশ্চিতকরণে। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল রোবটটির কাজের ধারা আরও দ্রুততর করা।

রুবিকস কিউবকে বলা হয় জাদুর বাক্স, আবিষ্কৃত হয় ১৯৭৪ সালে । আবিষ্কারক এমো রুবিকস ছিলেন একজন হাঙ্গেরিয়ান স্থপতি। ধারণা করা হয়, তখনকার সময়ে সর্বাধিক বিক্রিত খেলনা ছিল রুবিকস কিউব, যার বিক্রির সংখ্যা ছিল প্রায় ৩৫০ মিলিয়ন। রুবিকস কিউবে কিউব থাকে ৩x৩ অনুপাতে। সমাধানে প্রায় ২০ বার কিউবগুলো নাড়াতে হয়।