২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি নিয়ে অনীহা ছিল জবসের!

বাজারে অ্যাপল টিভি সেট-টপ বক্সের উপস্থিতি বেশ কয়েক বছর ধরেই। তারপরও অ্যাপল বাজারে নিজস্ব টিভি সেট আনবে কিনা সে প্রশ্নের উত্তরে সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস। স্টে টপ বক্সের মতো পণ্য দিয়ে ক্রেতার “লিভিং রুমের এন্টারটেইনমেন্ট”-এর দিকে মনোযোগ থাকলেও, নতুন পণ্য হিসেবে পুরোদস্তুর টিভি সেট একেবারেই অলাভজনক হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:44 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত নতুন ‘হন্টেড এম্পায়ার: অ্যাপল আফটার স্টিভ জবস’ বইয়ে উঠে এসেছে জবসের ওই টিভি অনীহার খবর। বইটি লিখেছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রতিবেদক ইওয়াটানি কান। ২০১০ সালের অ্যাপলের ‘টপ ১০০’ প্রোগ্রামের খুঁটিনাটি বইটিতে তুলে ধরেছেন এর লেখিকা।

‘টপ ১০০’ অ্যাপলের নিজস্ব প্রোগ্রাম যেখানে অফিসের বাইরে কয়েকদিনের জন্য অ্যাপলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ১০০ জন কর্মীকে নিয়ে যেতেন স্টিভ জবস। কাদের ওই আয়োজনের জন্য বাছাই করা হচ্ছে সে বিষয়টিতে কঠোর গোপনীয়তা বজায় রাখা হতো।

সেরকমই এক মিটিংয়ে সহকর্মীদের নির্ভয়ে যে কোনো প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন জবস। ওই সুযোগের সদব্যবহার করে অ্যাপল পর্দাযুক্ত টিভি সেট বানাবে কিনা সেই প্রশ্ন করেছিলেন এক অ্যাপল কর্মী। আর উত্তরে সরাসরি ‘না’ বলে দিয়েছিলন জবস।

জবসের মতে নতুন ব্যবসা খাত হিসেবে টেলিভিশন হল ‘জঘন্য ব্যবসা’। টিভি সেট নিয়ে জবসের এই অনীহার বড় একটা কারণ টিভি থেকে লাভের অংকটা খুবই কম।

আর জবসে যে সঠিক ছিলেন তার প্রমাণ বর্তমান বাজারের টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সাধারণ একটি টেলিভিশন সেট থেকে প্রতিষ্ঠানগুলোর লাভ হয় খুবই কম। তাই লাভের অংক বাড়াতে টেলিভিশনে ৪কে প্রযুক্তি যোগ করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো, তৈরি হচ্ছে স্মার্ট টিভি। বিভিন্ন আধুনিক ফিচার যোগ করে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর ওই টিভি সেট গুলোর দাম বাড়িয়ে দিয়ে বড় অংকের লাভের চেষ্টাও করছে তারা।

তবে জবসের আত্মজীবনী লেখক ওয়াল্টার আইজ্যাকসনের দেয়া তথ্যের সঙ্গে একেবারেই বিপরীতমুখী জবসের ওই বক্তব্য। নিজস্ব সব ডিভাইসের সঙ্গে সিঙ্ক থাকবে অ্যাপল টিভির জন্য এমন একটি ইন্টারফেস তৈরি করা আইজ্যাকসনকে বলেছিলেন জবস।

অন্যদিকে কানের বইটি অনুযায়ী, জবসের ওই বক্তব্য বিশ্বাস করেননি ওই ‘শীর্ষ ১০০’ মিটিংয়ের অনেকেই। অনেকেরই ধারণা জবস অ্যাপল টিভি সেট প্রসঙ্গ উড়িয়ে দিয়েছিলেন যেন অ্যাপল কর্মীরা ভবিষ্যতে অ্যাপলের ‘বিগ থিং’ কি হবে সেটা চিন্তা না করে, বর্তমান কাজেই মনোযোগ দেন।

এদিকে টিভি সেটের বাজারে অ্যাপলের ‘প্রবল আগ্রহ’ রয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান অ্যাপল সিইও টিম কুক।