২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারফেসে ফোরজি থাকছে

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নতুন সারফেস ২ ট্যাবলেট কম্পিউটারে ফোর জি প্রযুক্তি থাকবে। সঙ্গে থাকছে দু্টি সিমের ব্যবস্থা। ব্যবহারকারী একটি জিএসএম ও একটি ইউটিএমএস মাইক্রো-সিম ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 06:41 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

প্রথম সারফেস ট্যাবলেট বাজারে আনার এক বছরেরও বেশি সময় পর আপডেটেড ভার্সন নিয়ে আসছে বিশ্বের প্রভাবশালী এ সফটওয়্যার জায়ান্ট।

সারফেস ট্যাবলেট সারফেস আরটি নামেই বেশি পরিচিত। এটি বাজারে আনার কয়েক মাস পর মাইক্রোসফট নিজস্ব সারফেসে মোবাইল ব্রডব্যন্ড সংযোগ দেবে বলে জানিয়েছিল। অ্যাপলের আইপ্যাডের আদলে ট্যাবলেট কম্পিউটার তৈরির কথাও জানিয়েছিল মাইক্রোসফট। ২০১০ সালে অ্যাপলের বাজারে আনা আইপ্যাডে ছিল মোবাইল ব্রডব্যন্ড সংযোগের ব্যবস্থা। অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচডিএক্স ফোরজিতে একই প্রযুক্তি রয়েছে।

সারফেস ২তে বেশ কিছু পরিবর্তন থাকছে বলে জানিয়েছে মাইক্রোসফট। তবে, ১০.৮১ ইঞ্চি বাই ৬.৭৯ ইঞ্চি পর্দার মাপ একই থাকবে। যদিও মাইক্রোসফট জানিয়েছে, সেলুলার নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় ডিভাইসটির ওজন কয়েক গ্রাম বাড়বে।

‘সারফেস ২’ কেনার সময় তাতে উইন্ডোজ আরটি ৮.১ অফিস ও আউটলুক ২০১৩ আরটি ইনস্টল করা থাকবে। এছাড়া ব্যবহারকারী ২ বছরের জন্য ২০০ জিবি ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন বিনামূল্যে।

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, আগের ভার্সনের সারফেসে একবার ব্যাটারি চার্জ দিলে ১০ ঘন্টা ভিডিও প্লেব্যাক করা যেত। এবার তাতে যুক্ত হচ্ছে ব্রডব্যন্ড রেডিও। যদিও মাইক্রোসফট দাবি করছে, নতুন ব্রডব্যন্ড রেডিও যুক্ত হওয়ায় ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়বে না।

মাইক্রোসফটের ওয়েবসাইটে সারফেস ট্যাবেলেটের নতুন ভার্সন পাওয়া যাবে। ৬৪ জিবি মডেলের ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৭৯ ডলার।