মল থেকে কয়লা বানাবে সোলার টয়লেট
কার্ল লিনডেনের টয়লেট মানুষের মল-মূত্রকে রিসাইকেল করে জ্বালানি ও সারে রূপান্তর করবে।
টয়লেটের বর্জ্যকে আরও সহজে দূষণমুক্ত ও ব্যবহারযোগ্য করতে সোলার টয়লেট বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডোর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কার্ল লিনডেন।
মল-মূত্রকে কয়লায় রূপান্তর করার পর তা মাটির উর্বরতা বাড়াতে সার হিসেবে ব্যবহার করা যাবে। রান্নার কাজেও জ্বালানি হিসেবে এ কয়লা ব্যবহার করা যাবে বলে এবিসি নিউজকে জানিয়েছেন লিনডেন।
সোলার টয়লেটে থাকবে দুটি চেম্বার। একটিতে মলমূত্র জমা হবে। অপরটির মাধ্যমে শুকনো মলমূত্র বের করা যাবে। এ কাজটি করতে ব্যবহৃত হবে ফাইবার অপটিক কেবল ও সৌরশক্তি। সম্পূর্ণ কাজটি করার জন্য দরকার হবে মাত্র চার ঘণ্টা সূর্যের আলো। এতে ৩০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় মলমূত্র শুকিয়ে কয়লায় পরিণত হবে। সূর্যের আলো পর্যাপ্ত না থাকলে এ টয়লেট ব্যবহার করা যাবে না বলেও জানান লিনডেন।
প্রাথমিকভাবে একটি মাত্র সোলার টয়লেট তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এটি চাহিদা অনুযায়ী বেশি সংখ্যক তৈরি করা হবে। এতে পয়:নিষ্কাষণ খরচ কমবে।
