২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নিল ইয়াংয়ের পনোপ্লেয়ার

কান্ট্রি মিউজিকে কানাডিয়ান তারকা শিল্পী নিল ইয়ংয়ের বহু প্রতীক্ষিত পনোপ্লেয়ার মিউজিক ডিভাইস কিকস্টার্টারে আসছে এ সপ্তাহেই। মিউজিক প্লেয়ারটির সঙ্গে সঙ্গে চালু হবে ডিভাইসটির জন্য হাই-কোয়ালিটি অডিও ডাউনলোডের সাইট পনোমিউজিকও।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

‘এইচডি ভিডিওর আলাদা বাজার থাকলে অডিও ট্র্যাকের জন্য কেন নয়?’ এই ভাবনা থেকেই পনোমিউজিকের শুরু বলেই জানিয়েছে ইয়াহু মিউজিক। সিডিতে তুলনামূলক হাই কোয়ালিটি অডিও ট্র্যাক থাকে। তারপরও মাস্টার রেকর্ডিংয়ের প্রায় ৫০ভাগ খুটিনাটি জিনিস শোনা যায় না সিডিতে। আর ফাইলের আকার ছোট করার জন্য এমপিথ্রিতে কনভার্ট করলে ফাইল কমপ্রেস হয়ে স্বকীয়তা হারায় গানগুলো।

এ ব্যাপারে পনোমিউজিকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নিল ইয়াং বলেন, “আমরা ডিজিটাল মিউজিককে ২১ শতকে এগিয়ে নিতে চাই। আর পনোমিউজিক ঠিক সে কাজটাই করবে।”

ইয়াং পনোমিউজিক নিয়ে কাজ করছেন বেশ কয়েকবছর ধরেই। জীবদ্দশায় ইয়াংকে সহযোগিতা করেছেন অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসও। মিউজিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে ইয়াংয়ের মতোই ভাবনা ছিল তার।

আইটিউনসের সঙ্গে মিল রয়েছে পনোমিউজিকের। এর ওয়েবসাইটটি কাজ করবে অনলাইন মিউজিক স্টোর হিসেবে আর মিউজিক প্লেয়ারটি ব্যবহার করা যাবে আইপডের মতোই ব্যক্তিগত পর্যায়ে। গান শোনা যাবে হোম বা গাড়ির স্টেরিও সিস্টেমে সংযোগ দিয়েও। মিউজিক প্লেয়ারটির কন্টেন্ট নিয়ন্ত্রণ করার জন্য লাগবে একটি ডেস্কটপ সফটওয়্যার, যা দিয়ে যোগ করা যাবে নতুন ট্র্যাক, তৈরি করা যাবে প্লে লিস্ট।

“আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বের সেরা মিউজিক প্লেয়ারের মাধ্যমে বড় বড় মিউজিক লেবেলের সর্বোচ্চ কোয়ালিটির ডিজিটাল মিউজিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া।”- মন্তব্য করেছেন পনোমিউজিক সিইও জন হ্যাম।

১২ মার্চ থেকে কিকস্টার্টারে প্রিঅর্ডার করা যাবে পনোপ্লেয়ার। মিউজিক প্লেয়ারটির খুচরা মূল্য ৩৯৯ ডলার হলেও প্রিঅর্ডারের বিশেষ ছাড়ও পাবেন ক্রেতারা। ১২৮ জিবি মেমোরি থাকবে এতে, প্রায় ৫শ’ হাই রেজুলিউশন ডিজিটাল অ্যালবামের জন্য যা যথেষ্ট।

মিউজিক প্লেয়ারটিতে আলাদা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। অর্থাৎ একাধিক মেমোরি কার্ডে আলাদা আলাদা প্লে লিস্ট বানিয়ে গান শুনতে পারবেন এর ব্যবহারকারী।