২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিধেয় পণ্যের জন্যও অ্যান্ড্রয়েড

পরিধেয় পণ্যপ্রযুক্তিতে ব্যবহারের জন্য সফটওয়্যার ডেভলপমেন্ট কিট বাজারে আনছে ওয়েব জায়ান্ট গুগল। বিশেষ এ ডেভলপমেন্ট কিটটির ফলে নির্মাতারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক ফিটনেস ট্র্যাকার বা স্মার্টওয়াচের মতো পরিধেয় পণ্য তৈরি করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 04:03 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরিধেয় প্রযুক্তির জন্য অ্যান্ড্রয়েড নিয়ে আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন গুগল অ্যান্ড্রয়েড, ক্রোম এবং অ্যাপসের ভাইস-প্রেসিডেন্ট সুন্দর পিচাই।

কিট প্রসঙ্গে পিচাই জানিয়েছেন, তারা সাধারণ প্রটোকলের একটি সেট তৈরি করতে চেয়েছিলেন যাতে করে দুটি জিনিসই একত্রে কাজ করতে পারে। এ কিটটি আর দুই সপ্তাহ পরেই পাওয়া যাবে বলেই জানিয়েছেন পিচাই। গুগলের এ বিষয়টি নিয়ে বিশ্লেষক সংস্থা আইডিসির মোবিলিটি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট জন ডেলানি জানিয়েছেন, গুগল পরিধেয় প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং চাচ্ছে অন্যান্যরাও বিষয়টির গুরুত্ব বুঝুক। অন্যদিকে গুগলের এ পদক্ষেপটি যৌক্তিক বলেই মনে করছেন সিসিএস ইনসাইটের বিশ্লেষক জিওফ ব্লাবের।

অ্যান্ড্রয়েড ইতোমধ্যে ব্যবহার সংখ্যার দিক থেকে স্মার্টফোন অপারেটিং সিস্টেম তালিকার শীর্ষস্থানে রয়েছে। এছাড়াও গবেষণা সংস্থা গার্টনারের তথ্য অনুযায়ী, এ বছর একশ’ দশ কোটির বেশি অ্যান্ড্রয়েড চালিত ডিভাইস বাজারে আসার সম্ভাবনা রয়েছে।