সামাজিক মাধ্যম বন্ধের হুমকি তুর্কি প্রধানমন্ত্রীর
তুরস্কের প্রধানমন্ত্রী রিসিপ তাইয়িপ এরডোগান সরকারিভাবে নিজ দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছেন। এরডোগানের ভাষ্য অনুযায়ী, বিরোধীরা সামাজিক মাধ্যমের সাহায্যে তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যমের সাইটগুলোতে ব্যাপক আকারে এরডোগানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পোস্ট করা হচ্ছে।
সামাজিক সাইটগুলোতে এরডোগান ও তার ছেলের গোপন কথোপকথনও পোস্ট করা হয়েছে। সে কথোপকথনে তারা বিশাল অংকের অর্থ লুকানোর ব্যাপারে আলোচনা করছিলেন। তবে সম্পূর্ণ বিষয়টিকেই ভুয়া দাবি করে এরডোগান জানিয়েছেন, ইউটিউব ও ফেইসবুকের দয়ার উপর তারা দেশকে ছেড়ে দেবেন না। ইউটিউব এবং ফেইসবুক-- এ দুটি সাইটকে সব ধরনের অনৈতিক ও গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে কঠোর পন্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে ফেব্রুয়ারি মাসে দেশটির সংসদে নতুন এক আইন পাশ করা হয়েছে। এ আইনের ফলে কোনো প্রকার আদালতের আদেশ ছাড়াই তুরস্কের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ যে কোনো ওয়েবসাইট ব্লক করে দিতে পারবে।
তবে এরডোগান সরকারিভাবে ফেইসবুক ও ইউটিউব ব্লক করে দেওয়ার হুমকি দিলেও পরবর্তীতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গাল এ প্রসঙ্গে বলেছেন, এ ধরনের কোনো নিষেধাজ্ঞার ‘প্রশ্নই আসে না’।
