২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সাইবার টার্গেট ‘মোবাইল ইন্টারনেট’

প্রতিদিন চীনে গাণিতিক হারে বাড়ছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের উপর সাইবার আক্রমণের ঘটনা। ২০১৩ সালের হিসাব অনুযায়ী দেশটির ৮১ শতাংশ ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল ফোন থেকে। এই বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীকে আক্রমণ করতে সাইবার অপরাধীরা ব্যবহার করছে বিভিন্ন গোপন নেটওয়ার্ক।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 05:25 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের উপর আক্রমণ চালাতে চাইনিজ হ্যাকারদের ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে সাইবার সিকিউরিটি ফার্ম ট্রেন্ড মাইক্রো। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, চীনে সাইবার ক্রিমিনালদের নিয়ন্ত্রিত ‘আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে’ মোবাইল ম্যালওয়্যার কিট বিক্রি হচ্ছে দেদারসে, যার সর্বনিম্ম দাম ৯.৭০ পাউন্ড।

প্রিমিয়াম-রেট মোবাইল নম্বরও কিনতে পাওয়া যায় আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কগুলোতে। নম্বরগুলোর দাম ২১ হাজার ৪০০ পাউন্ড করে। প্রিমিয়াম রেট মোবাইল নম্বর আর ম্যালওয়্যার দিয়ে ব্যবহারকারীদের মোবাইল ফোন থেকে তাদের অজান্তেই টেক্সট মেসেজের মাধ্যমে বিভিন্ন স্প্যাম ছড়িয়ে দেয় হ্যাকাররা। মেসেজগুলোর ডেলিভারি কনফার্মেশনও ডিলিট করে দেয় তারা। আর মেসেজগুলোর জন্য খরচটা হয় ব্যবহারকারীর পকেট থেকেই থেকে।

চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফর্মেশান সেন্টারের (সিএনএনআইসি) প্রতিবেদন অনুযায়ী চীনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরর সংখ্যা ৫০ কোটি। সাইবার অপরাধীরা সুযোগ নিচ্ছে এই বিপুল পরিমাণ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর।

সাইবার অপরাধ সংঘটনের জন্য চীনের সাইবার অপরাধীরা গড়ে তুলেছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। সাইবার অপরাধীদের নিয়ন্ত্রিত বিভিন্ন ফোরাম আর সাইটে দেদারসে বিক্রি হচ্ছে সাইবার আক্রমণের জন্য প্রয়োজনীয় ম্যালওয়্যার, টুলকিট এবং ডিভাইস।

স্প্যাম ক্যাম্পেইন চালাতে সাইবার অপরাধীরাদের পছন্দের অস্ত্র হল জিএসএম মডেম। এক সঙ্গে একাধিক নম্বরে মেসেজ পাঠাতে পারে মডেমগুলো। একটি ১৫-স্লটের জিএসএম মডেমের দাম পরে প্রায় ২৫৪ পাউন্ড। প্রতি ঘন্টায় ৯ হাজার ৬০০ টেক্সট মেসেজ পাঠাতে পারে একটি ১৬ স্লটের জিএসএম মডেম।

স্প্যাম মেসেজগুলোর মাধ্যমে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া ছাড়াও ক্ষতিকর সাইটেও নিয়ে যায় হ্যাকাররা। এছাড়াও এসএমএসের মাধ্যমে পাঠানো ব্যাংক লেনদেন, অনলাইন পেমেন্টের অথেনটিকেশান আর ভেরিফিকেশান কোড ও চুরি করতে পারে স্প্যাম মেসেজে লুকিয়ে থাকা ট্রোজান ভাইরাস।

আপাতত স্প্যাম মেসেজের মাধ্যমে ট্রোজান ভাইরাস সংক্রমণের শিকার হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোই। তবে রক্ষা পাচ্ছেন না আইফোন ব্যবহারকারীরাও। আইমেসেজ স্প্যামারের মাধ্যমে আক্রমণের শিকার হচ্ছেন অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা। অ্যাপল ডিভাইসে স্প্যাম পাঠাতে ব্যবহৃত স্প্যাম সার্ভিসগুলোও নিতান্তই কম দামের। সাইবার অপরাধীদের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কগুলোতে মাত্র ৯.৬ পাউন্ডে কিনতে পাওয়া যায় ১ হাজার স্প্যাম সার্ভিস।

ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে বিভিন্ন ম্যালওয়্যারের রেটিংও বাড়াচ্ছে সাইবার অপরাধীরা। অ্যাপস্টোরে ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন আপলোড করে ভুয়া অ্যাকাউন্ট দিয়ে ইতিবাচক রিভিউ লিখে অ্যাপের রেটিং বাড়াচ্ছে হ্যাকাররা। রেটিং আর রিভিউ দেখে বিভ্রান্ত হয়ে ম্যালওয়্যার গুলো ডাউনলোড করে সাইবার আক্রমণের শিকার হচ্ছেন অনেক ব্যবহারকারীই। একই ঘটনা ঘটছে অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রেও।

চীনের মোবাইল ইন্টারনেটে সাইবার অপরাধীদের দৌরাত্ব ঠেকানোর জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই, এমনটাই বলা হয়েছে ট্রেন্ড মাইক্রোর ওই প্রতিবেদনে। সাইবার আক্রমণের জন্য টুলকিট কিনতে পাওয়া একেবারে সস্তাতে, এমনকি ক্ষেত্রবিশেষে ফ্রিতে টুলকিটগুলো ব্যবহার করছে হ্যাকার এবং স্প্যামাররা।