২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুথব্রাশ ও স্মার্ট ওয়াচের বছর ২০১৪

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার হয় অন্যসব ডিভাইসের তুলনায় বেশি। তথ্য আদান-প্রদানসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন স্মার্টফোনেই সম্ভব। ইন্টারনেট ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছে মোবাইল ডিভাইসের বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফিটনেস ট্র্যাকার ও স্মার্ট টুথব্রাশ দেখিয়েছে নির্মাতারা। ডিভাইসগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে চিকিৎসা ব্যবস্থায় উন্মোচন করেছে নতুন সম্ভাবনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 04:43 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

স্মার্টসিরিজ টুথব্রাশ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪-তে ইন্টারনেট সুবিধাসহ স্মার্টসিরিজ টুথব্রাশ দেখিয়েছে ওরাল-বি। এতে ব্রাশ করার সময় দাঁত ও মাড়ির বিভিন্ন অবস্থা সম্পর্কে তথ্য মোবাইলফোনে রেকর্ড হতে থাকবে। ব্রিটিশ দৈনিক গর্ডিয়ান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত ওরাল-বি স্মার্টসিরিজ ইলেকট্রিক টুথব্রাশ সম্পর্কে জানিয়েছে, ব্রাশটি ব্যবহারকারীর দাঁত ব্রাশ করা পর্যবেক্ষণ করবে। এতে ব্যবহারকারী কীভাবে দাঁত ব্রাশ করেন ও ঠিকমতো দাঁত ব্রাশ হচ্ছে কি না, দাঁত বা মাড়ির কোথাও সমস্যা আছে কি না তা চিকিৎসককে জানাবে। রেকর্ড করা ওই ডেটাগুলো পরবর্তীতে বিশ্লেষণ করে দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় সহজ হবে।যুক্তরাজ্যে ২০০ ডলারে ব্রাশটি বাজারজাত শুরু হয়েছে।

ফিটনেস ট্র্যাকার (স্মার্টওয়াচ)

ফিটনেস ট্র্যাকার ডিভাইস চলতি বছরে আলোচিত প্রযুক্তিপণ্যের মধ্যে অন্যতম। কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করেছে তিনটি ভিন্ন মডেলের স্মার্টওয়াচ। এগুলোর প্রত্যেকটিতে রয়েছে হার্ট-রেট পর্যবেক্ষণ ব্যবস্থা। গিয়ার ২, গিয়ার ২ নিও ও গিয়ার ফিট ব্যবহার করে জানা যাবে প্রতিমিনিটে আপনার হৃদস্পন্দনের হার কত।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে, স্মার্টওয়াচ তৈরিতে এগিয়ে মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। চীনের অপর স্মার্টফোন নির্মাতা হুয়াওয়েই তৈরি করেছে ফিটনেস ট্র্যাকার। হাতে পরার ডিভাইসটি হেডফোনে কনভার্ট করে মোবাইল ফোনের কল রিসিভ করা যাবে। সনি দেখিয়েছে ফিটনেস ট্র্যাকারব্যান্ড।

মার্চ থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সুবিধাসহ স্মার্টওয়াচ বাজারে ছাড়বে স্মার্টফোন নির্মাতা মটোরোলা। এতে থাকছে ৮জিবি বিল্টইন মেমোরি। তাইওয়ানের হাই-টেক কম্পিউটার কর্পোরেশন (এইচটিসি) স্মার্টওয়াচ তৈরি ও বিক্রি করছে।