রোববারও খোলা সিটি আইটি মেলা
সাপ্তাহিক ছুটি থাকলেও বোরবার চলবে ‘সিটি আইটি মেলা ২০১৪’। রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙ্গিনায় প্রায় দুই লাখ বর্গফুট জুড়ে চলছে এ প্রদর্শনী। ‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ শ্লোগান নিয়ে আয়োজিত এ প্রযুক্তি মেলার বিভিন্ন বিষয় জানিয়েছে মেলা কর্তপক্ষ।
এ বছরের মেলায় তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এর আগে শুক্রবার মেলার তৃতীয় দিনে বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আয়োজন ছিল। গিগাবাইটের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে গেইমিং প্রতিযোগিতা। এছাড়া মেলায় এইচপি, বিকাশ, এবং অ্যাভিরা বিভিন্ন ধরনের কুইজসহ অন্যান্য প্রতিযোগিতামূলক আয়োজন করেছে।
মেলায় একাধিক আলোচনা অনুষ্ঠান, কম্পিউটারবিষয়ক অনুষ্ঠান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গুণীজন সংবর্ধনা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি রয়েছে বলে জানিয়েছেন মেলা আহবায়ক এ.এন.এম কামরুজ্জামান।
শনিবার মেলায় স্রেলিব্রেটি শোতে অভিনেতা ও নাট্য পরিচালক কচি খন্দকার এবং গুণীজন সম্মননায় এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার থাকার কথা রয়েছে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন।
মেলা শেষের মেগা পুরস্কার পেতে আগত দর্শকদের টিকেট সংরক্ষণের অনুরোধ জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। আর প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন।
সিটি আইটি মেলা ২০১৪-এর গোল্ড স্পন্সর আসুস, অ্যাভিরা, স্যামসাং, এইচপি ও সিলভার স্পন্সর ইপসন এবং পেমেন্ট পার্টনার বিকাশ।
