২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফন্ট গডফাদার’ মাইক পার্কারের জীবনাবসান

মাইক পার্কার যা দিয়েছেন তা বিশ্বে কমবেশি সবাই ‘পড়েছেন’, তবে তিনি আড়ালেই ছিলেন। বাণিজ্যিক ক্ষেত্রে, বিশেষ করে লোগো এবং ডিজাইনে সম্ভবত সর্বাধিক ব্যবহৃত ফন্ট হেলভেটিকার ‘গডফাদার’ বলে বিবেচিত মাইক পার্কারের জীবনাবসান হয়েছে বোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 06:13 PM

Updated : 25 Apr 2022, 03:53 PM

এক প্রতিবেদনে সিএনএন বলেছে ‘৮৪ বছরে চলে যাওয়া পার্কার কম্পিউটারে ব্যবহৃত টাইপফেসকে ভিন্নমাত্রায় পৌঁছে দিয়েছিলেন’। হেলভেটিকা ফন্টকে জনপ্রিয় করে তুলতে যে কয়েকজন ব্যক্তির অবদান ছিল, তাদের মধ্যে পার্কারকে প্রধান বলে বিবেচনা করা হয়। লাইনোটাইপে অন্তত এক হাজার ফন্ট যুক্ত করার পেছনে স্বীকৃতি দেওয়া হয় পার্কারকেই।

২০০৭ সালে হেলভেটিকা ফন্ট নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রেও অংশ নিয়েছিলেন পার্কার।

একটি ফন্ট ডিজইনে অসম্ভব মেধাশক্তি কাজে লাগানো হলেও তা নিয়ে বিশদভাবে চিন্তা করা হয় না। তবে হেলভেটিকা ফন্ট আসার পর তা ডিজাইনক্ষেত্রে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। এ প্রসঙ্গে হেলভেটিকা নিয়ে নির্মিত তথ্যচিত্রে ডিজাইনার মাসিমো ভিনেল্লি বলেছিলেন, “হেলভেটিকা ফন্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে কর্পোরেট লোগো ব্যবহারে উৎসাহিত করেছিল। টাইপঢফেসটি ছিল পরিষ্কার, স্পষ্ট এবং প্রায় সবক্ষেত্রে ব্যবহারযোগ্য।”

“আমার বাবা হেলভেটিকা ফন্ট ডিজাইন করেননি, কিন্তু তিনি বিশেষ ওই ফন্টের জনপ্রিয়তায় অসম্ভব ভূমিকা রেখেছেন” এভাবেই বাবাকে স্মরণ করেন হ্যারি পার্কার।

১৯৫৭ সালে ম্যাক্স মাইডিঙ্গার ও এডওয়ার্ড হফম্যান সুইজারল্যান্ডের মুচেনস্টাইনের ‘হ্যাস টাইপ ফাউন্ড্রি’-র জন্য ‘নিউ হ্যাস গ্রোস্টেক’ নামে এক ফন্ট তৈরি করেন, যা পরবর্তীতে হেলভেটিকা হিসেবে পরিচিত হয়ে উঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে প্রিন্ট করার জন্য লাইনোটাইপ মেশিন ব্যবহার করা হতো। মাইক পার্কার মারগেনথালের লাইনোটাইপ কোম্পানিতে টাইপোগ্রাফির ডিরেক্টর হিসেবে যোগদান করে হেলভেটিকা ফন্টকে লাইনোটাইপে মেশিনে প্রিন্টের উদ্যোগ নেন।

“তার (মাইক পার্কার) দূরদৃষ্টির সাহায্যে তিনি হেলভেটিকার গুরুত্ব বুঝতে পেরেছিলেন।”- বলেন হ্যারি।