সাইবার হুমকিতে ‘ফিফা ২০১৪’
২০১৪ সালের ফিফা বিশ্বকাপে বাঁধা দেওয়ার হুমকি দিয়েছেন ব্রাজিলের অনলাইন অ্যাক্টিভিস্টরা। দলটি জানিয়েছে, বিশ্বকাপ বিশ্বের দর্শকদের অভিনব পন্থায় একত্রিত করে এবং বিশ্বের ফুটবল নিয়ন্ত্রক ফিফা, ব্রাজিল সরকার এবং কর্পোরেট স্পন্সরদের সাইটগুলো আক্রমণের জন্য এটি একটি উপযুক্ত সময়। হুমকিদাতা অ্যাক্টিভিস্ট এ দলটি অ্যানোনিমাসের অংশ হিসেবে পরিচিত।
ব্রাজিলিয়ান সেনাবাহিনী এক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ব্রাজিল সেনাবাহিনীর সাইবার-কমান্ড প্রধান জেনারেল জোস কার্লোস ডোস সান্টোস জানিয়েছেন, কোনো রাষ্ট্রই এরকম একটি বিষয়ে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। তবে তারা এরকম সাইবার হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত।
এ প্রসঙ্গে একজন অ্যাক্টিভিস্ট সংবাদসংসস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা ইতোমধ্যেই বিভিন্ন পরিকল্পনা করেছেন এবং তিনি মনে করেন যে তাদের থামানোর মতো তেমন কিছুই করা সম্ভব হবে না। চে কমরেড নামে পরিচিত একজন অ্যাক্টিভিস্ট জানিয়েছেন, শুধু অফিশিয়াল ওয়েবসাইটগুলোতে আক্রমণ করা হবে এমন নয়, তাদের টার্গেট তালিকায় ফিফাকে স্পন্সর করবে এমন কর্পোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইটও রয়েছে। তিনি আরও জানিয়েছেন, তারা টার্গেটে থাকা সাইটগুলো ট্রাফিক বৃদ্ধির মাধ্যমে ক্র্যাশ করাবেন।
নিজেদের অনলাইন নিরাপত্তা প্রসঙ্গে ফিফার মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজী হননি বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
