২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ফোনে ফেইসবুক মেসেঞ্জার

অবশেষে উইন্ডোজ ফোনের জন্য মেসেজিং অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য বহুপ্রতিক্ষিত অ্যাপ এটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রির প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ফোনের জন্য মেসেজিং অ্যাপটি আলাদাভাবে ডিজাইন করেছে ফেইসবুক। ফেইসবুক মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে উইন্ডোজ ফোন ভার্সনের বেটা ভার্সনের বেশ মিল থাকায় প্রাথমিক অবস্থায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলন উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা। তাই ফোনের মেট্রোস্টাইল টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে অ্যাপটির ডিজাইন করে লঞ্চ করছে ফেইসবুক।

শুরুতে উইন্ডোজ ফোনের প্রতি স্মার্টফোন ক্রেতাদের আগ্রহটা ছিল কম। ফলে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও খুব একটা মাথা ঘামায়নি সফটজায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো নিয়ে।

তবে ক্রেতাদের আগ্রহ বাড়ার সঙ্গে উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ বানাতে মনোযোগ দিচ্ছেন ডেভেলপাররা। আর উইন্ডোজ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নিজেদের সেবা সহজে পৌঁছে দেওয়ার চেষ্টাও করছে ফেইসবুকের মতো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোও ।