জিসিএইচকিউয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ইন্টারনেট জায়ান্ট ইয়াহুর কয়েক লাখ ব্যবহারকারীর ওয়েবক্যাম দিয়ে তোলা ছবি সংগ্রহ করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ। ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ওয়েবক্যাম দিয়ে তোলা ছবির সংগ্রহের ব্যাপারটি নিজেদের অজানা ছিল বলে দাবি করেছে ইয়াহু কর্তৃপক্ষ, অন্যদিকে জিসিএইচকিউয়ের দাবি আইন মেনেই গোয়েন্দা কর্মকান্ড চালাচ্ছে সংস্থাটি।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যান্ত ‘অপারেশন অপটিক নার্ভ’-এর অংশ হিসেবে কয়েক লাখ ইয়াহু ব্যবহারকারীর ওয়েবক্যাম থেকে তোলা ছবি সংগ্রহ করেছে জিসিএইচকিউ। এ কাজে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটিকে সহযোগিতা করেছে বিতর্কিত মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁসকরা নথি থেকেই বেড়িয়ে এসেছে জিসিএইজচকিউয়ের ইয়াহু ব্যবহারকারীদের ওয়েবক্যাম ইমজে সংগ্রহের তথ্য। তবে সংগ্রহ করা ছবির মধ্যে একটা বড় অংশই ছিল যৌনতাপূর্ণ।
অন্যদিকে প্রশ্ন উঠেছে ইয়াহুর ওয়েবক্যাম স্ট্রিমিং সফটওয়্যারের নিরাপত্তা নিয়েও। এ ব্যাপারে এক বিবৃতিতে ইয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, “এ ধরনের কোনো ঘটনা আমাদের আগে জানা ছিল না এবং এ ধরনের কর্মকাণ্ড আমরা কখনও সমর্থন করব না। এই ঘটনা সত্যি হলে নিরাপত্তা রক্ষায় তথ্য সংগ্রহের নামে প্রাইভেসি আইন লঙ্ঘন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমাদের গ্রাহকদের বিশ্বাস এবং নিরাপত্তা রক্ষার্থে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে জিসিএইচকিউ। তবে গোয়েন্দা সংস্থাটির সব কর্মকাণ্ডই যুক্তরাজ্যের আইন মেনে করা হয় বলে দাবি করছে জিসিএইচকিউ।
