২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জেমস বন্ডের ‘স্মার্টগান’

জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের স্কাইফল সিনেমা থেকে উৎসাহিত হয়েই বুঝি অভিনব এক স্মার্টগান বানিয়ে বসেছে জার্মান প্রতিষ্ঠান আর্টিম্যাক্স। গুলি ছোড়ার হন্য আর্টিম্যাক্স আইপি১ পিস্তলটির মালিকের হাতে থাকতে হবে বিশেষ এক ঘড়ি, অন্যথায় খেলনা পিস্তলের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না এর।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 06:10 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

স্কাইনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আইপি১ আর এটির মালিকের জন্য তৈরি হাতঘড়িতে আছে বিশেষ ইলেকট্রনিক মাইক্রোচিপ। হাতঘড়ির মাইক্রোচিপটি অ্যাকটিভ করতে লাগবে পিনকোড, তারপর হাতঘড়ি আর পিস্তলটি কাছাকাছি থাকলে জ্বলে উঠবে একটি সবুজ বাতি, আর তখনই কেবল গুলি ছোড়া যাবে স্মার্টগানটি থেকে।

স্মার্টগান আর হাতঘড়িটি তৈরিতে আর্টিম্যাক্স ব্যবহার করেছে আরিএফআইডি চিপ। চুরি ঠেকাতে মূল্যবান পণ্য আর কাপড়চোপড়ে ব্যবহৃত হয় এই প্রযুক্তি।

স্মার্টগানটির নির্মাতা ও সমর্থকদের দাবি আগ্নেয়াস্ত্রের অপব্যবহার ঠেকাতে গুরুত্বপূর্ন অবদান রাখার পাশাপাশি এই শিল্পে নতুন এক বিপ্লবের সূচনা করতে যাচ্ছে আর্টিম্যাক্স আইপি১। এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে পিস্তলটি।

স্মার্টগানটি এবং এতে ব্যবহৃত প্রযুক্তির পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন সিনেটর এড মার্কলে। স্কাইনিউজ জানিয়েছে, দুই বছরের মধ্যে বাজারের সকল নতুন আগ্নেয়াস্ত্রে এই প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে নতুন আইন পাশ করানোর পরিকল্পনা করছেন মার্কলে। তিন বছরের মধ্যে পুরনো অস্ত্রেও ওই প্রযুক্তি স্থাপনের লক্ষ্যও রয়েছে তার।