২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন টুল জানাবে গাছ কাটার তথ্য

নতুন অনলাইন টুলের মাধ্যমে সমগ্র বিশ্বে প্রতিনিয়ত কী পরিমাণে গাছ হ্রাস পাচ্ছে সে বিষয়ে তথ্য পাওয়া যাবে। অভিনব এ টুলটি নিয়ে এসেছে গ্লোবাল ফরেস্ট ওয়াচ (জিএফডব্লিউ) নামে একটি প্রতিষ্ঠান। নতুন এ বৈশ্বিক মনিটরিং প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র বিশ্বের গাছ হ্রাসের বিষয়ে সাম্প্রতিক তথ্য পাওয়া যাবে এমনটাই দাবী জিএফডব্লিইউ-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 06:43 PM

Updated : 25 Apr 2022, 03:51 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুগল এবং ৪০টিরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ক্যাম্পেইনিং গ্রুপ জিএফডব্লিইউ-কে সাহায্য করছে। নেসলে এবং ইউনিলিভারের মতো বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আছে।

অরণ্য ও গাছ হ্রাস সম্পর্কিত সাম্প্রতিক তথ্য প্রকাশের জন্য নতুন এ টুলটি বিভিন্ন স্যাটালাইটের ছবি এবং বিশ্বে বসবাসকারী বিভিন্ন মানুষের কাছ থেকে সংগৃহিত ডেটা ব্যবহার করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নতুন এ ডেটাবেইসটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ডেটাবেইজটি তাদের পণ্যের টেকসইয়ের বিষয়টি প্রমাণ করতে সাহায্য করবে।

গুগল এবং ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড-এর ডেটা মোতাবেক ২০০০ থেকে ২০১২ সালের মধ্যে বিশ্বে ২৩ কোটি হেক্টর এলাকার গাছ হ্রাস পেয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নরওয়ে সরকারও এ প্রকল্পে আর্থিক সাহায্য দিচ্ছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ প্রকল্প প্রসঙ্গে ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউটের ডক্টর অ্যান্ড্রু স্টার জানিয়েছেন, এর ফলে এখন থেকে পরিবেশ ভারসাম্য নষ্টকারীরা আর লুকিয়ে থাকতে পারবেন না।