২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমডব্লিইসিতে এসারের নতুন স্মার্টফোন

ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস (এমডব্লিইসি) ২০১৪ -তে আসছে এসারের নতুন কম্প্যাক্ট স্মার্টফোন লিকুইড জেড৪। বড় স্ক্রিনের স্মার্টফোন জোয়ারের গা না ভাসিয়ে ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখেই স্মার্টফোনটির ডিজাইন করেছে এসার। জেড৪ এমডব্লিইসিতে সাড়া ফেলে দেবে এমনটাই আশা করছে অন্যতম শীর্ষ ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীর হাত বা পকেটে অনায়াসে এটে যাবে ৯.৭ মিলিমিটার পুরুত্বের জেড৪। ৪ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির ওজন ৪.৬ আউন্স। স্মার্টফোনটির বাজারদর হবে ৯৯ ইউরো।

গুগলের অ্যান্ড্রয়েড জেলি বিনি অপারেটিং সিস্টেমে চলবে এটি। স্মার্টফোনটিতে এসারের নিজস্ব ফিচারের মধ্যে আছে এয়ারফ্লোট ফিচার, যাতে একাধিক অ্যাপ উইন্ডো খুলে রাখা যাবে একই সঙ্গে। এছাড়াও ফ্লোট কলার, অন্যকোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন আসলে একটি পপ-আপ উইন্ডো ব্যবহারকারীকে জানিয়ে দেবে ইনকামিং কলের ব্যাপারে। এছাড়াও আছে ডিটিএস সাউন্ড টেকনোলজি।

হার্ডওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ১.৩ গিগাহার্টজ প্রসেসর, ৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সাদা এবং কালো এই দুই রংয়ের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে এসারের লিকুইড জেড৪।