অতঃপর গ্যালাক্সি এসফাইভ বৃত্তান্ত
আনুষ্ঠানিক ঘোষণার এক সপ্তাহ আগেই স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ সব ফিচার নিশ্চিত করেছে অনলাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। স্যামসাংসংশ্লিষ্ট গোপন সূত্রের বরাত দিয়ে সাইটটি জানিয়েছে, এস৩ আর এস৪-এর থেকেও দাম কম হতে পারে এস৫-এর।
ব্লুমবার্গ ওই গোপন সূত্রের বরাত দিয়ে আরও জানিয়েছে, ৫.২ ইঞ্চি স্ক্রিনের হাই-রেজুলিউশন ডিসপ্লে থাকবে গ্যালাক্সি এস৫-এ। ব্যাটারি আর ক্যামেরাও হবে আগের মডেলের থেকে উন্নত।
তবে ব্লুমবার্গের দেওয়া সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে গ্যালাক্সি সিরিজের পুরনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোরও থেকে দাম কম হতে পারে গ্যালাক্সি এস৫-এর। সাইটটির দাবি, কম দামে এস৫ বাজারজাত করার চিন্তাটির উৎপত্তি নাকি শীর্ষ এক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের। আর ওই প্রতিষ্ঠানটির প্রস্তাব পছন্দ হয়ে যাওয়ায় এস৫ কম দামে বিক্রি করতে রাজি হয়ে গেছে স্যামসাং।
২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে গ্যালাক্সি এস৫ দেখানোর কথা রয়েছে স্যামসাংয়ের। গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোনটির মূল ফিচারগুলো কী হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা, প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন গুজব।
বাজারের সর্বশেষ গুজব অনুযায়ী জিএস৫-এ থাকবে মডেলভেদে ২.৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর অথবা ৮ কোরের এক্সোনাস প্রসেসার, ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৩ জিবি র্যাম, ৩০০০ মিলিঅ্যাম্পর ব্যাটারি আর অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম।
