২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচটিসির ভাঙা ডিসপ্লে ফ্রি মেরামত

চমৎকার মডেলের হ্যান্ডসেট থাকার পরও অ্যাপল আর স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে লড়াইয়ে বেকায়দায় আছে এইচটিসি। আর্থিক দুরবস্থার মধ্যে তাইওয়ানভিত্তিক এই নির্মাতা ক্রেতা আকর্ষণে ঘোষণা করেছে নতুন এক পলিসি। বিনামূল্য স্মার্টফোনের ভাঙা বা ফাটা স্ক্রিন বদলে দেবে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

অনলাইন প্রযুক্তিসংবাদমাধ্যম ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, এইচটিসির ওয়ান সিরিজের (এইচটিসি ওয়ান, এইচটিসি ওয়ান মিনি, এইচটিসি ওয়ার ম্যাক্স) স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য প্রতিষ্ঠানটির নতুন ‘অ্যাডভান্টেজ পলিসি’।

ভাঙা বা ফাটা স্ক্রিনটি ঠিক করানোর জন্য অবশ্য ওয়ান সিরিজের স্মার্টফোনগুলোর পাঠাতে হবে এইচটিসির ফ্যাক্টরিতে। সারাইয়ের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্মার্টফোনটি ব্যবহারকারীর কাছে ফেরত পাঠিয়ে দেবে তারা। আর প্রতিষ্ঠানটি পুরো কাজটি করবে বিনামূল্যেই।

তবে কারও তাড়া থাকলে ডিসপ্লে সমস্যার রাতারাতি সমাধানের সুযোগও রয়েছে ওই পলিসিতে। সে জন্য খরচ করতে হবে ২৯ মার্কিন ডলার। এ ক্ষেত্রে ওই ২৯ ডলার এইচটিসির পকেটে যাবে না, খরচ হবে পরিবহন খরচা হিসেবে। রাতারাতি ব্যবহারকারীর হাতে পৌঁছে যাবে নতুন একটি স্মার্টফোন আর ভাঙা ডিসপ্লের স্মার্টফোনটি পাঠাতে হবে এইচটিসির কাছে। পুরনো স্মার্টফোনের সব সেটিং ব্যাকআপ হিসেবে রাখা যাবে এইচটিসির ব্যাকআপ সফটওয়্যার দিয়ে।

স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বেশি যে সমস্যাটির মুখোমুখি হতে হয় তা হল ভাঙা বা ফাটা স্ক্রিন। প্রায় সব স্মার্টফোন নির্মাতাই নিজেদের পণ্য সারাইয়ের কাজ করে দেয়, তবে তা একটি নির্দিষ্ট ফির বিনিময়ে। এ ক্ষেত্রে এইচটিসিই প্রথম প্রতিষ্ঠান যেটি কিনা এই সেবা দেবে বিনামূল্যে।