২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোবোকপ সূচনা!

বহুপ্রতিক্ষিত সাই-ফাই থ্রিলার রোবোকপ বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই সপ্তাহেই। বড় পর্দা থেকে বাস্তবজীবনে পা দিতে রোবোকপের হয়ত সময় লাগবে আরও একশতক। তবে অপেক্ষা করতে রাজি নন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ডিসকভারি ল্যাবের শিক্ষার্থীরা। রোবোকপ থেকে অনুপ্রানীত হয়ে ওই শিক্ষার্থীরা বানিয়েছেন ‘টেলিবট’, যার নিয়ন্ত্রণ থাকবে শারীরিক প্রতিবন্ধী পুলিশ অফিসারদের হাতে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:50 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, টেলিপ্রেসেন্স আর রোবোটিক্স প্রযুক্তি সম্মিলনে টেলিবট বানিয়েছেন এর ফ্লোরিডা ইউনিভার্সিটির ওই শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ব্যবহৃত প্রযুক্তি পর্দার রোবোকপের থেকে অনেক পিছিয়ে তারপরেও কর্মক্ষেত্রে আহত ও প্রতিবন্ধী পুলিশ আর সেনা কর্মকর্তাদের কাজের সুযোগ ফিরিয়ে দিতে পারে ৬ ফুট উচ্চতার ৭৫ পাউন্ড ওজনের টেলিবট।

দূরনিয়ন্ত্রিত টেলিবট নিরাপদ দূরত্বে থেকেই মাঠ পর্যায়ে টহল বা বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে পারবেন এর নিয়ন্ত্রক। টেলিবট নিয়ন্ত্রনের জন্য এর দায়িত্বে থাকা ব্যক্তির পরনে থাকবে অকুলাস হেডসেট, মোশন ট্র্যাকিং ভেস্ট, আর্ম ব্যান্ড আর গ্লাভস। হেডসেটটির বদৌলতে টেলিবটের দৃষ্টিসীমার সবকিছুই নিয়ন্ত্রক দেখতে পাবেন লাইভ ফিডের মাধ্যমে। আর মোশন সেন্সিং গ্লাভসগুলো নিয়ন্ত্রণ করবে টেলিবটের হাত।

এ ব্যাপারে এফআইইউ এর স্কুল অফ কম্পিউটিং অ্যান্ড ইনফর্মেশন সাইন্সের প্রফেসর নাগারজন প্রবাকর বলেন, ‘আমাদের পরবর্তী কাজ হবে টেলিবটের এক্সটারনাল শেল বানানো, সফটওয়্যারের খুটিনাটি সংশোধন আর সবশেষে ফিল্ড টেস্ট।’

এফআইইউ শিক্ষার্থীদের টেলিবট তৈরিতে তহবিলের জোগান দিয়েছেন মার্কিন নেভি কর্মকর্তা জেরেমি রবিনস। আহত সহর্মীদের আবারও কাজের সুযোগ করে দেওয়ার আশা নিয়ে এফআইইউ প্রজেক্টে সহযোগিতা করেছেন তিনি।