আউটসোর্সিং অ্যাওয়ার্ডে সময় বাড়ল
বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪-এ অংশগ্রহণের সময় ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে সফটওয়্যার নির্মাতাসংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত তিনবছর ধরে বেসিস ফ্রিল্যান্সারদের উৎসাহিত করার জন্য এবং তরুণদের এই পেশায় আগ্রহী করার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করছে। গত বছরের মতো এবারও সর্বমোট একশ’টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪ এর আহবায়ক শাহ ইমরাউল কায়ীশ জানান, ‘প্রতিযোগীদের সুবিধার্থে ও আরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করতে’ সময় বাড়ানো হয়েছে।
এই আয়োজনের অংশ হিসেবে ৬৪টি জেলা থেকে সেরা ৬৪ জন ফ্রিল্যান্সারকে পুরস্কৃত করা হবে। এছাড়াও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এসইও ও অনলাইন মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন ব্লগিং, মোবাইল অ্যাপ্লিকেশন নামে ৬টি বিভাগে ৩ জন করে ১৮ জনকে ব্যক্তিগত পর্যায়ে এবং ৩ জনকে নারী বিভাগে পুরস্কৃত করা হবে।
প্রতিষ্ঠান বিভাগে মোট ১৫টি প্রতিষ্ঠানকে আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে।
আগ্রহীরা বেসিস ওয়েবসাইট (www.outsourcingaward.basis.org.bd) থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
