প্রেমের খোঁজে নতুন রেকর্ড
প্রতি বছরই দেখা যায় ভ্যালেন্টাইন’স ডে-র সপ্তাহকাল আগে থেকেই অনলাইনে সঙ্গী খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন ‘সিঙ্গল’ তরুণ-তরুণীরা। এ বছর অনলাইনে ভালোবাসার মানুষ খুঁজতে তারা যে সময় ব্যয় করেছেন তা গত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
অনলাইন ডেটিংয়ের সবচেযে বড় সাইট ম্যাচ ডটকমের সিইও স্যাম ইয়াগানকে উধৃত করে দিয়ে বাণিজ্য সাময়িকী ফোর্বস জানায়, নতুন বন্ধু পেতে অনলাইনে মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। ভালোবাসা দিবস এলে যারা এখনও সিঙ্গল তার কাপল হতে চায়। তখন ঢুঁ মারে অনলাইনে।
ম্যাচ ডটকমে রয়েছে ১৭ লাখ সাবস্ক্রাইবার। ২০১১ সালে সাইট থেকে আয় ছিল ৫ কোটি ডলার। জনপ্রিয়তার দিক থেকেও ইউরোপে এটি ছিল শীর্ষস্থানীয় ডেটিং ওয়েবসাইট। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইবিআইএস ওয়ার্ল্ড জানিয়েছে, ম্যাচ ডটকম সাইটের দখলে রয়েছে ২১০ কেটি ডলারের ডেটিং বাজারের এক তৃতীয়াংশ।
এদিকে গত বছর স্মার্টফোন ব্যবহারে আমেরিকানরা ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকে ছাড়িয়ে গেছে। সঙ্গী খুঁজতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আগ্রহীরা ভিড় জমাচ্ছেন অনলাইনে। ২০ বছর আগে অনলাইনে ডেটিং করতে হলে প্রয়োজন হত ডেস্কটপ বা ল্যাপটপ। এখন শতকরা ৩৯ ভাগ ডেটিং হয় মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এ ব্যবহার এতটাই বেড়ে চলছে আগামীতে ডেটিং অ্যাপ্লিকেশন সঙ্গীবিহীন তরুণ-তরুণীদের মাঝে বিপ্লব সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে ফোর্বস।
বিভিন্ন ডেটিং ওয়েবসাইটে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ব্যবহার হওয়ায় অনলাইনে সঙ্গী খুঁজে পেতে তেমন বেগ পেতে হয় না। এদিকে অনলাইনে পছন্দ করা কাউকে বারবার এসএমএস করে সম্মতিসূচক জবাব না পেয়ে হতাশ হচ্ছেন তরুণরা। এছাড়া ডেটিং সাইটগুলোতে ব্যবহারকারীদের ভুল তথ্য থাকে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
